বছরের শুরুতে টিজার দিয়ে দৃষ্টি কেড়েছিল ‘হাঙর’ সিনেমা। গত রোজার ঈদে মুক্তির কথা থাকলেও পরে সরে দাঁড়ায়। জানানো হয় পরের ঈদে আসছে। শেষ পর্যন্ত কোরবানি ঈদেও মুক্তি পাচ্ছে না ‘হাঙর’।
ঢাকা মেইলকে খবরটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ‘হাঙর’ নির্মাতা তন্ময় সূর্য বলেন, ‘সিনেমাটি কোরবানি ঈদে আসার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আসছে না।’
বিজ্ঞাপন
কারণ জানতে চাইলে বলেন, ‘ছবিতে নেপালের অভিনেতা প্রমোদ অগ্রাহারি আছেন। তাকে নিয়ে একদিনের শুটিং বাকি আছে। প্রযোজক চাচ্ছিলেন সেটুকু ছাড়াই শেষ করতে। কিন্তু একজন পরিচালক হিসেবে আমি শান্তি পাব না। তাই কাজটুকু শেষ করে মুক্তি দিতে চাই। সেজন্য মুক্তির মিছিল থেকে সরে যাচ্ছি।’
কবে মুক্তি পাচ্ছে— জানতে চাইলে বলেন, ‘এ বছরই ভালো কোনো সময়ে মুক্তি দিতে চাই ছবিটি।’ তবে হতাশা স্পষ্ট তার কণ্ঠে। মনে করছেন ঈদ ছাড়া অন্য সময় সিনেমা হলে দর্শক নেওয়া কঠিন। অন্য সময়ে ছবিটি কতটা দর্শক টানতে ভাবাচ্ছে বলে জানালেন।
‘হাঙর’ সিনেমায় আরও অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, এ কে আজাদ সেতু, শরিফুল, মাহফুজ মুন্না প্রমুখ। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তন্ময় সূর্য। সিনেমাটি নির্মিত হচ্ছে বিগশট ক্রিয়েশনের ব্যানারে।




