জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সৃষ্টি আগের মতোই টাটকা। একইভাবে মুগ্ধতা ছড়াচ্ছে। সে হোক বই কিংবা নাটক-সিনেমা। এর অন্যতম উদাহরণ লেখকের ‘উড়ে যায় বকপক্ষী’ নাটকটি।
সামাজিক মাধ্যমে জনপ্রিয় ধারাবাহিকটির বিভিন্ন অংশ ভাইরাল। তবে সেটি তৈয়ব চরিত্র কেন্দ্রিক। চরিত্রটির বিভিন্ন কর্মকাণ্ড বিনোদনের খোরাক জোগাচ্ছে নেটিজেনদের। নতুন করে আলোচনায় আসা এ চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। নেটদুনিয়ায় তৈয়বের জনপ্রিয়তা তারও চোখে পড়েছে।
বিজ্ঞাপন
ঢাকা মেইলের সঙ্গে কথোপকথনের সময় ফারুক আহমেদ বলেন, ‘নাটকটি অনেক বছর আগের। টিভিতে প্রচার হয়েছিল। তখন সামজিক মাধ্যম ছিল না। এখন সোশ্যাল মিডিয়ার কারণে ছড়িয়ে পড়েছে। চরিত্রটির কিছু ডায়লগ আছে। যেগুলো হয়তো নেটিজেনদের ভালো লাগছে। সে কারণেই এই নতুন করে আলোচনায়। যদিও এখানে আমার কোনো কৃতিত্ব নেই। চরিত্রটি হুমায়ূন স্যারের সৃষ্টি। তিনি যেভাবে বলেছেন আমি সেভাবে চেষ্টা করেছি।’
তৈয়ব চরিত্রটি গানের দলের ঢোল বাদকের। পাশাপাশি ছোটখাট চুরি, পথেঘাটে নারীদের উত্যক্ত করা, পুকুরে নারীদের গোসলের দৃশ্য লুকিয়ে দেখাসহ নানা দোষে দুষ্টু সে। এরকম চরিত্রের জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়েছিল কী— জবাবে ফারুক আহমেদ জানালেন শুরুতে চরিত্রটি তেমন গুরুত্বপূর্ণ ছিল না।
তার কথায়, ‘আলাদা কোনো প্রস্তুতির দরকার ছিল না। কেননা তৈয়ব চরিত্রটি শুরুতে এত বড় ছিল না। অল্পের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু হুমায়ূন স্যার তো অনেক সময় অনেক কিছু বদলাতেন। আমার চরিত্রটিও কী মনে করে যেন দীর্ঘ করেন তিনি।’
আজ রবিবারের মতি মিয়ার ধারণা তার নিখুঁত অভিনয়ের কারণেই তৈয়বকে রেখে দেন লেখক। তিনি বলেন, ‘‘হয়তো আমার অভিনয় দেখে স্যার চরিত্রটা রেখে দেন। একেবারে শেষ পর্যন্ত নিয়ে যান। তৈয়ব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই দেখে একবার মেহের আফরোজ শাওন মজার ছলে স্যারকে বলেছিলেন নাটকটির নাম ‘উড়ে যায় বকপক্ষী’ না রেখে ‘উড়ে যায় তৈয়ব পক্ষী’ রাখেন।’’
তৈয়বকে ফারুক আহমেদেরও ভালো লাগে। বললেন, ‘চরিত্রটি আমারও ভালো লাগে। যদিও আমি সেভাবে ভাবতে চাই না। কেননা ভালো লাগা বিষয়টা আপেক্ষিক মনে হয়। তবে সবাই পছন্দ করছেন। সোশ্যাল মিডিয়ায় দেখেন। দেখা হলে অনেকে প্রশংসা করেন। শুনতে ভালো লাগে।’
গ্রামের একটি গানের দল নিয়ে এ ধারাবাহিকটি। দেখা যেত বিটিভিতে। এতে ফারুক আহমেদ ছাড়াও অভিনয়ে ছিলেন মাসুম আজিজ, মেহের আফরোজ শাওন, ড. ইনামুল হক, এজাজুল ইসলাম, চ্যালেঞ্জার, স্বাধীন খসরু, রিয়াজ প্রমুখ।
আরআর




