অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের পর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর সার্টিফিকেশন সাময়িক স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। খবরটি প্রকাশের পর মুখ খুলেছেন সিনেমাটির নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে হাসান দাবি করেন, তার ছবির সেন্সর বাতিল করা হয়নি, সাময়িক স্থগিত করা হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘৬৮ হাজার গ্রাম-বাংলার মানুষের কথা চিন্তা করে, তরুণ সমাজ ও প্রবাসীদের কথা ভেবে সুন্দর একটি গল্পের সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাণ করেছি। ১৫ মে সিনেমাটি মুক্তির প্রস্তুতি ছিল। কিন্তু হঠাৎ করেই এটি সাময়িক স্থগিত করা হয়েছে। আমার সিনেমা কিন্তু সেন্সর বোর্ড বাতিল করেনি, সাময়িক স্থগিত করেছে। কেউ ভুল তথ্য দেবেন না। বাংলাদেশের চলচ্চিত্রকে গলা টিপে মারবেন না।’

নিজের ক্যারিয়ার নিয়ে হাসান জাহাঙ্গীর বলেন, প্রায় ৩৮ বছর ধরে এ ইন্ডাস্ট্রিতে ক্লিন ইমেজ নিয়ে কাজ করছি। তিনি জানান, সিনেমাটি মুক্তির জন্য ৫০টির বেশি প্রেক্ষাগৃহ বুকিং দেওয়া হয়েছিল। হল মালিকদের পক্ষ থেকেও বেশ সাড়া পাচ্ছিলেন এ নির্মাতা। হঠাৎ সেন্সর স্থগিত হওয়ার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন তিনি।
বিজ্ঞাপন
ছবিটি মুক্তির জন্য আইনি পথে হাঁটবেন জানিয়ে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত কোনো অফিশিয়াল কাগজ হাতে পাইনি। কাগজ পেলেই আমি হাইকোর্টে যাব। আইনের প্রতি আমার আস্থা আছে।’
এদিকে সিনেমার সেন্সর স্থগিত হওয়ায় গণমাধ্যমকে তিনি বলেন, ‘সিনেমা মুক্তির একদিন আগে যদি এরকম হয়, তাহলে প্রধানমন্ত্রীর কাছে যাব।’

‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। এর আগে তিনিও অভিযোগ এনেছিলেন। এক অডিও বার্তায় বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রে এসে একটি মেয়ের স্ট্রাগল টাইমের ছোট গল্প নিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্মাণের কথা ছিল। হাসান জাহাঙ্গীর আমাকে অনেক অনুরোধ করার পর আমি রাজি হয়েছি। শুরুতে এটা এক ঘণ্টার একটি নাটক ছিল। দুই দিনে শুটিং শেষ হওয়ার কথা থাকলেও তিন দিন লেগে যায়। কিছুদিন পর নির্মাতা এসে বলেন, এটার শুটিং তো বেশি হয়েছে, আমরা টেলিফিল্ম হিসেবে প্রচার করতে চাই। তাতেও আমি রাজি হয়ে কাজটি শেষ করেছি। কিন্তু খবরে দেখছি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নাকি সিনেমা হিসেবে আসছে। বিষয়টি শুনে অবাক হয়েছি।’
সে সময় হাসান জাহাঙ্গীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন মৌসুমীর স্বামী ওমর সানী।
ইএইচ/




