মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে রীতিমতো হইচই শুরু হয়েছে ‘রকস্টার’ সিনেমার প্রথম গান ‘পিরিতি’নিয়ে। গানের দৃশ্যে মেগাস্টার শাকিব খানের পাশাপাশি জেলখানায় নজর কেড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই।
‘পিরিতি’ গানে দেখা যায় কারাগারের চার দেয়ালের মাঝে বিধ্বস্ত অবস্থায় শাকিব। তার পাশেই কয়েদিদের সঙ্গে গানে মেতেছেন পান্থ। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি পর্দায় তার উপস্থিতি দর্শকদের মধ্যে উন্মাদনা বাড়িয়ে তুলেছে।

নেটিজেনদের কৌতুহলী মনে প্রশ্ন তবে কি কারাগারেই পান্থ কানাইয়ের সঙ্গে দেখা হয় শাকিবের? এ বিষয়ে ঢাকা মেইলকে সংগীতশিল্পী বলেছিলেন, ‘শাকিব খানের সঙ্গে আমার একটি ইন্টারেস্টিং জায়গায় দেখা হয়, যেখানে সচরাচর কেউ যেতে চায় না।’ তার সেই রহস্যময় মন্তব্যের পরিষ্কার উত্তর যেন মিলেছে ‘পিরিতি’ গানে! পাশাপাশি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শাকিবের সঙ্গে কারাগারেই দেখা হয় পান্থ কানাইয়ের।
সান কমিউনিকেশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো। এর চিত্রনাট্যে লিখেছেন নুসরাত মাটি।

এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে।
ইএইচ/আরআর




