মাস দুয়েক হলো শেষ হয়েছে জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’। তবে দর্শক এখনও অভাব বোধ করেন ধারাবাহিকটির। খায়রুল, নিপা, হোসেনদের ফের দেখতে চান তারা। তাদের জন্য সুখবর— ফের আসছে ‘দেনা পাওনা’।
কোরবানি ঈদে দেখা যাবে সিরিয়ালটির বিশেষ আয়োজন ‘দেনা-পাওনা’ কুরবানি স্পেশাল। খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন নির্মাতা কেএম সোহাগ রানা। পোস্টার প্রকাশ করে তিনি লিখেছেন, ‘‘আপনাদের প্রিয় সিরিজ ‘দেনা-পাওনা’ আসছে কুরবানি স্পেশাল নিয়ে!’’ পোস্টার দেখে স্পষ্ট কোরবানির গল্প নিয়েই সাজানো হয়েছে এবারের আয়োজন।
বিজ্ঞাপন

মুহূর্তেই খবরটি ছড়িয়ে গেছে নেট পাড়ায়। মন্তব্যের ঘরে সন্তুষ্টি প্রকাশ করেছেন নেটিজেনরা। দিচ্ছেন ধন্যবাদ। অনেকে জানাচ্ছেন অপেক্ষার কথা। কেউ কেউ দাবি তুলছেন সিরিয়ালটির দ্বিতীয় সিজনের।
রোজার ঈদেও ছিল সাত পর্বের এক বিশেষ আয়োজন ‘দেনা পাওনা ঈদ স্পেশাল’। জানা গেছে, এবারও কোরবানি ঈদ উপলক্ষেও সাতটি পর্বে সাজানো হয়েছে সিরিয়ালটি। আগের মতোই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে দেখা যাবে এটি।
গেল ৯ মার্চ শেষ হয় দেড় বছরের দীর্ঘ ধারাবাহিকটি। এর মাধ্যমে পর্দায় ফেরেন অ্যালেন শুভ্র। সিরিয়ালটি জনপ্রিয়তা এনে দেয় নিপা চরিত্রে তাবাসসুম ছোঁয়াকে। এতে আরও অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, এমএনইউ রাজু, ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, মুসাফির সৈয়দ, এবি রোকন, তানজিম হাসান অনিক প্রমুখ।
বিজ্ঞাপন
আরআর




