মা হতে যাচ্ছেন জনপ্রিয় টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী। সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নিজেই সুখবরটি জানিয়েছেন। পরবর্তীতে সামাজিক মাধ্যমে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
শুক্রবার (৮ মে) বিকেলে নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন ঐশী। ছবির ক্যাপশনে তিনি অনাগত সন্তানের উদ্দেশ্যে লেখেন, ‘আমার ছোট্ট সোনা, তুই আসার আগেই তোকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বোঝাতে পারব না। আমি যেন তোর সেরা মা হতে পারি, এটাই আমার ইচ্ছা।’

গত বছরের ২৭ অক্টোবর মডেল ও অভিনেতা রাসেল খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশী। দীর্ঘ সাত মাস প্রেমের পর রাসেলের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টিকটক এবং মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচিতি পাওয়া এ অভিনেত্রী। ২০২১ সালে তাদের পরিচয় হলেও মাঝে কয়েক বছর যোগাযোগ ছিল না। গত বছর পুনরায় তাদের ঘনিষ্ঠতা বাড়ে।এরপর বন্ধুত্ব থেকে প্রেম ও পরিণয়।
এ জুটি বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে নানা ধরনের নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয়েছিল তাদের। এমনকি অনেকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, ‘শিয়াল মুরগিকে ধরে ফেলল।’ তবে সমালোচনা দমে না গিয়ে সমালোচকদের মোক্ষম জবাব দিয়েছিলেন রাসেল খান।

রাসেল বলেছিলেন, ‘অনেকেই বলছিল আমরা নাকি সিরিয়াস নই, শুধু মজা করছি। কেউ বলেছিল আমি শিয়াল হয়ে ঐশীকে মুরগি ভেবে ব্যবহার করব, বিয়ে করব না। তাদের সমবেদনা জানিয়ে বলতে চাই, শিয়াল শেষ পর্যন্ত মুরগিকে আপন করে নিল।’
ইএইচ/




