শুক্রবার, ৮ মে, ২০২৬, ঢাকা

রবীন্দ্রজয়ন্তীতে ছোটপর্দায় যা দেখবেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ মে ২০২৬, ১১:৩০ এএম

শেয়ার করুন:

রবীন্দ্রজয়ন্তীতে ছোটপর্দায় যা দেখবেন

আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো বর্ণিল আয়োজন করে থাকে। দর্শকের বিনোদনের খোরাক যোগাতে নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, সংগীত ও নৃত্যানুষ্ঠান আয়োজন করেছে চ্যানেলগুলো। এক ঝলকে দেখে নেওয়া যাক কোন চ্যানেলে কী থাকছে? 

বিটিভি


বিজ্ঞাপন


আজ সন্ধ্যা ৬টায় থাকছে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। রাত ৯টায় থাকছে রবি ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রাত ১০টায় প্রচার হবে বিশেষ রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। গান পরিবেশন করবেন ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, অনিরুদ্ধ সেনগুপ্ত, মেজবাউল আজম, অনিমা রায়, নির্ঝর, মেহনাজ, মহুয়া মঞ্জরি সুনন্দা ও মিলন দেব। উপস্থাপনা করেছেন তানজিনা তমা। রাত ১১টায় প্রচার হবে কবিগুরুর বিখ্যাত কাব্যনাট্য ‌‘চিত্রাঙ্গদা’। প্রেম, আত্মমর্যাদা ও নারীর আত্মপরিচয় উঠে এসেছে এই কাব্যনাট্যে।

চ্যানেল আই

রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ের পর্দায় রয়েছে নানা অনুষ্ঠান। ‘সকালের গান’ দিয়ে শুরুতে থাকবে রবীন্দ্রসংগীতের বিশেষ পর্ব। রাত ১টা ও সকাল ৯টা ৪৫ মিনিটে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় প্রচার হবে বিশেষ তৃতীয় মাত্রা ‘রবীন্দ্রনাথ প্রজন্ম থেকে প্রজন্মে’। অতিথি হিসেবে থাকছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দীপ্তি চৌধুরী ও নুসরাত সায়েম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে অরুণ চৌধুরীর পরিচালনায় টেলিফিল্ম ‘স্ত্রীর চিঠি’ দেখা যাবে বিকেল ৩টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন সামিয়া অথৈ, আরেফিন জিলানী, নুর আলম নয়ন, সূচনা শিকদার, বিমল ব্যানার্জি প্রমুখ। সন্ধ্যা ৬টায় থাকছে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রামাণ্য প্রতিবেদন ‘ডার্টিংটনে রবীন্দ্রনাথ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেখা যাবে সোহেল রানা বিদ্যুতের পরিচালনায় সংগীতানুষ্ঠান ‘আশা পূরাও তুমি এসো কাছে’। এতে গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

মাছরাঙা টেলিভিশন


বিজ্ঞাপন


রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘সমাপ্তি’। রবীন্দ্রনাথের জনপ্রিয় ছোটগল্প ‘সমাপ্তি’ অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। অভিনয় করেছেন সাবিলা নূর ও সজল। রাত ১১টা ৩০ মিনিটে ‘তোমায় গান শোনাবো’ অনুষ্ঠানে সরাসরি গান পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমেদ লিসা। কৌশিক শংকর দাশের উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।

দীপ্ত টিভি

বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে সকাল দীপ্ত টিভির পর্দায় আজ সকাল ৮টায় প্রচার হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘দীপ্ত প্রভাতী’র বিশেষ পর্ব। এতে অংশগ্রহণ করবেন স্বপ্নীল সজীব (গান) ও সামিউল ইসলাম পোলাক (কবিতা)। প্রযোজনায় গৌরব সরকার।

বৈশাখী টিভি

রবীন্দ্রজয়ন্তীতে বৈশাখী টিভি ফোক লাইভে অংশ নেবেন কণ্ঠশিল্পী বেলী আফরোজ ও শরীফ কিশোর। আজ রাত ৮টা ৩০ মিনিটে সরাসরি পারফর্ম করবেন এই দুই শিল্পী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন আব্দুল্লাহ। উপস্থাপনায় আইনুন পুতুল। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আজ প্রচার হবে তিনটি সিনেমা। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘মিনির কাবুলিওয়ালা’। অভিনয়ে মৌসুমী হামিদ, আহমেদ রুবেল প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে ‘ট্র্যাপ’। অভিনয়ে অপু বিশ্বাস, জয় চৌধুরী প্রমুখ। রাত ১২টায় দেখানো হবে ‘অনুরাগ’। অভিনয়ে রাজ্জাক, শাবানা, উজ্জ্বল, আনিস প্রমুখ।

দুরন্ত টেলিভিশন

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দুরন্ত টেলিভিশনে আজ সকাল ৭টায় প্রচার হবে নাটক ‘তাসের দেশ’। রবি ঠাকুরের গান ও নাচ নিয়ে বিখ্যাত এ নাটকে অংশ নিয়েছে ছোট্ট বন্ধুদের সংগঠন ‘ফুলকি’। নির্দেশনা দিয়েছেন ওয়ার্দা রিহাব। সংগীতায়োজন করেছেন সোমা রায়। 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর