ধর্ম অবমাননার অভিযোগে আমিনুর শাহ নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া এলাকা থেকে আটক করা হয় তাকে। বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার এসআই রাজিবুল ইসলাম।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমিনুর শাহকে আজ (বুধবার) আদালতে তোলা হয়েছে।’
অভিযোগ উঠেছে, গত রোববার (২৬ এপ্রিল) আমিনুর শাহ তার ফেসবুক থেকে ধর্মীয় অবমাননামূলক একটি পোস্ট করেন। যা মুহূর্তেই ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার শাস্তির দাবিও ওঠে।

ফেসবুক পোস্টের পরদিন অর্থাৎ সোমবার (২৭ এপ্রিল) রাতে ক্ষুব্ধ জনতা আমিনুর শাহর বাড়ি ঘেরাও করে। তখন নিজের ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চান এই কনটেন্ট ক্রিয়েটর। তবে পরদিন মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এলাকাবাসী বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে পুলিশ তাঁকে আটক করে।
বিজ্ঞাপন
দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন গণমাধ্যমকে জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আমিনুর শাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন শোল্লা ইউনিয়নের মহিষদিয়া গ্রামের স্থানীয় গ্রাম-পুলিশ মো. আলাউদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমিনুর শাহ মহিষদিয়া গ্রামের চান মিয়া বয়াতির ছেলে।
ইএইচ/




