বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

শ্রমিক দিবসে নতুন চমক

এক যুগ পর ‘গতিজড়তা’ নিয়ে ফিরছে গানপোকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০২:০৩ পিএম

শেয়ার করুন:

এক যুগ পর ‘গতিজড়তা’ নিয়ে ফিরছে গানপোকা
ফিরছে গানপোকা

বাংলা গানের অঙ্গনে পরিচিত নাম গানপোকা। দীর্ঘদিন ধরে তাদের গান শ্রোতাদের মুখে মুখে থাকলেও ছিল না কোনো অফিসিয়াল স্টুডিও ভার্সন বা রেকর্ড। 

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ডটি।


বিজ্ঞাপন


আগামী পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস-এ মুক্তি পাবে তাদের বহুল প্রতীক্ষিত গান ‘গতিজড়তা’। গানটি প্রকাশিত হবে ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। 

নিজেদের ‘গানের শ্রমিক’ হিসেবে পরিচয় দিয়ে ব্যান্ড সদস্যরা জানান, শ্রমজীবী মানুষের প্রতি সংহতি জানাতেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে।

‘পতনের প্রবাহতে বুকভাঙা গান’ স্লোগানকে ধারণ করে পথচলা গানপোকার নতুন এই গানের কথা লিখেছেন চঞ্চল মাহমুদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং অ্যানিমেশন তৈরি করেছেন আলভী।

বর্তমান সময়ে পূর্ণাঙ্গ অ্যালবামের প্রচলন কমে যাওয়ায় ভিন্ন পরিকল্পনায় এগোচ্ছে ব্যান্ডটি। ‘গতিজড়তা’ তাদের আসন্ন অ্যালবামের প্রথম গান হিসেবে প্রকাশিত হচ্ছে। সব গান একসঙ্গে প্রকাশ না করে ধারাবাহিকভাবে মিউজিক ভিডিও আকারে অনলাইনে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ব্যান্ড ম্যানেজার নাসিবুর জীমান।


বিজ্ঞাপন


গানপোকার গানের অন্যতম বৈশিষ্ট্য দোতারা নির্ভর সুর। দীর্ঘদিনের সাধনা ও পরিশ্রমে ইতোমধ্যে ১০-১২টি মৌলিক গান তৈরি করেছে দলটি। 

ব্যান্ডের ভোকাল ও সুরকার রশিদুজ্জামান রাশেদ বলেন, গানের গভীরতা ও অনুভবকে গুরুত্ব দেওয়ার কারণেই প্রতিটি গান তৈরি করতে সময় লেগেছে।

অন্যদিকে, কপিরাইট জটিলতা এড়াতে অফিসিয়াল রেকর্ডিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যান্ডটি। ভোকাল মিথুন হাসান জানান, তাদের গান অনেকে আগে থেকেই রেকর্ড করে নিজেদের নামে প্রচার করেছেন, যা থেকে নানা সমস্যার সৃষ্টি হয়েছে।

স্টুডিও ভার্সন না থাকলেও বিভিন্ন কনসার্টে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে গানপোকা ইতোমধ্যে তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় এবার তারা আনছে অফিসিয়াল সাউন্ড ও ভিজ্যুয়াল অভিজ্ঞতা।

এই অ্যালবাম উৎসর্গ করা হয়েছে ব্যান্ডের প্রয়াত দুই সহযোদ্ধা—‘আমবাগানে’ গানের গীতিকবি মাহমুদ হাসান তারেক এবং ‘নদী’ গানের গীতিকার হাসনাত প্রধান-কে।

বর্তমান লাইনআপে রয়েছেন—পারকেশনে নাজমুল নিশান, ড্রামসে বেনাম চন্দ্র বর্মণ ও রামানুজ চক্রবর্তী অপু, গিটারে অনিন্দ্য বিশ্বাস, বেজ গিটারে আব্দুল্লাহ আল নোমান, দোতারায় রওশন কবির বিপুল, ভোকাল ও খমকে মিথুন হাসান এবং ভোকাল ও দোতারায় রশিদুজ্জামান রাশেদ।

দীর্ঘ ১৪ বছরের পথচলায় শ্রোতাদের ভালোবাসা পাওয়া গানপোকা এবার সেই ভালোবাসার প্রতিদান দিতেই ‘গতিজড়তা’ নিয়ে নতুনভাবে হাজির হচ্ছে।

এমআর/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর