থ্রিলার সিনেমা মানেই টানটান উত্তেজনা। আর তা যদি হয় সাইকোলজিক্যাল থ্রিলার তাহলে রোমাঞ্চকতা ছাড়িয়ে যায় অন্য সবকিছুকে। এই ধরণের গল্প দর্শককে শুধু আনন্দ দেয় না, বরং সিনেমা শেষ হওয়ার পরও দীর্ঘক্ষণ মনের মধ্যে ঘোর তৈরি করে রাখে। এমন ৭টি হাড়হিম করা থ্রিলার সিনেমার কথা জানাব আজকের প্রতিবেদনে।

বিজ্ঞাপন
বেঁচে থাকার লড়াই বা সারভাইভাল থ্রিলারের তালিকায় সারাহ পলসন অভিনীত ‘রান’ সিনেমাটি বেশ আলোচিত। এই সিনেমার গল্প গড়ে উঠেছে মা ও তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ঘিরে। মায়ের অতি-সতর্কতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য। এক সময় মেয়েটি বুঝতে পারে, তার মা আসলে যা দেখাচ্ছেন তা সত্যি নয়। মায়ের সেই অন্ধকার অতীত থেকে বাঁচার জন্য মেয়ের শ্বাসরুদ্ধকর লড়াই দেখানো হয়েছে এই সিনেমায়।

অন্যদিকে, ‘বার্ড বক্স’ সিনেমার প্রেক্ষাপট একদম ভিন্ন। এতে ফুটে উঠেছে ধ্বংসপ্রায় পৃথিবীর গল্প, যেখানে এক রহস্যময় মহামারী ছড়িয়ে পড়েছে। মহামারীর হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো চোখ বেঁধে রাখা। কারণ বাইরের অদেখা শক্তিকে দেখলেই মানুষ মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের সন্তানদের বাঁচাতে এক মায়ের রোমাঞ্চকর জার্নি ফুটে উঠেছে এই সিনেমায়।

বিজ্ঞাপন
হরর থ্রিলার সিনেমা মানে যে ভূত-প্রেত থাকতে হবে, তা কিন্তু নয়। অনেক সময় মানুষের ভেতরের মানসিকতা ভূতের চেয়েও বেশি ভয়ংকর হয়ে ওঠে। ২০২২ সালের ‘ফ্রেশ’ সিনেমাটি এর একটি বড় উদাহরণ। এখানে প্রেমের সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা এক লোমহর্ষক বাস্তবতা দেখানো হয়েছে। কোনো অলৌকিক বিষয় ছাড়াই একজন মানুষের নিষ্ঠুরতা এমনভাবে তুলে ধরা হয়েছে, যা দেখলে গা শিউরে ওঠে।

‘গন গার্ল’ সিনেমাতে দেখা যায়, হঠাৎ করে একজন স্ত্রী নিখোঁজ হয়ে যান এবং প্রধান সন্দেহভাজন হিসেবে ধরা হয় তার স্বামীকে। কিন্তু তদন্ত যত এগোয়, ততই পরিষ্কার হয়ে যায় তাদের বিষাক্ত দাম্পত্য জীবনের নানা জটিলতা। চেনা মানুষের রূপও কতটা ভয়ংকর হতে পারে তাই দেখানো হয়েছে এই সিনেমায়।

দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’ সিনেমাটি মূলত সমাজের ধনী ও দরিদ্রের মধ্যকার ব্যবধান নিয়ে তৈরি, যা পুরো বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। এই সিনেমার গল্পে দেখা যায়, একটি গরিব পরিবারের সবাই পরিচয় গোপন করে একটি ধনী পরিবারের বিভিন্ন কাজে ঢুকে পড়ে। প্রথম দিকে সব কিছু খুব সাধারণ মনে হলেও, ধীরে ধীরে দুই পরিবারের জীবনযাত্রা এবং চিন্তাভাবনার পার্থক্য এক ভয়ংকর পরিস্থিতির জন্ম দেয়। সহজ কথায়, সমাজের উঁচুতলা আর নিচুতলার মানুষের মধ্যকার যে বিভেদ রয়েছে, তা-ই এই সিনেমার মাধ্যমে ফুটে উঠেছে।

সবশেষে সম্পর্কের টানাপড়েন নিয়ে তৈরি থ্রিলার সিনেমার ‘রেবেকা’। সিনেমাটি শুরুতে রোমান্টিক মনে হলেও সময়ের সাথে সাথে এটি রহস্যময় অন্ধকারের দিকে মোড় নিতে থাকে। এখানে দেখানো হয়েছে, কীভাবে পুরনো স্মৃতি একটি নতুন সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে। মানুষের মাথার ভেতরের রহস্য যে কোনো ভৌতিক গল্পের চেয়েও বেশি ভয়ংকর হতে পারে, তা-ই এখানে ফুটে উঠেছে।
ইএইচ/




