সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ফের একমঞ্চে গাইবেন জেমস ও রূপম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পিএম

শেয়ার করুন:

ফের একমঞ্চে গাইবেন জেমস ও রূপম

ফের এক মঞ্চে গাইবেন নগর বাউলের জেমস ও ভারতের জনপ্রিয় গায়ক রূপম ইসলাম।  আগামী সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে অনুষ্ঠিত হবে ‘লাইভ ইন সিডনি’ কনসার্ট। অনুষ্ঠানের আয়োজন করছে বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া।  

আয়োজকদের কথায়, ‘মাহেন্দ্রক্ষণ’ শব্দটা হয়তো এমন কিছুর জন্যই প্রযোজ্য। বাংলা রক গানের ইতিহাসে এমন কিছু অস্ট্রেলিয়ায় অন্তত আগে কখনও হয়নি! আগামী ১২ সেপ্টেম্বর সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টার মঞ্চে আসছেন বাংলা রক গানের দুই মহিরুহ। দেশের সীমানা ছাড়িয়ে আমাদের সবার প্রিয় হয়ে উঠেছেন নগর বাউল জেমস। যিনি আমাদের বাংলা রক সংগীতের গুরু– সেই জেমসের এবার মঞ্চ শেয়ার করবেন আরেক রকস্টার রূপম ইসলাম। তাদের সঙ্গে থাকবে নিজ নিজ ব্যান্ড নগর বাউল এবং ফসিলস-এর সদস্যরা। তাই এটি শুধুই একটি কনসার্ট নয়; বরং বাংলা রকের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ইভেন্ট হতে চলেছে। যেখানে আমাদের কৈশোর, প্রেম, বিদ্রোহ, সবকিছুর অংশ হয়ে থাকা গানগুলো আবার জীবন্ত হয়ে উঠবে। প্রতিধ্বনিত হবে ‘আমার বাংলা..’। আর এ সুবাদে আমরা সবাই মিলে হব একটি ইতিহাসের অংশ। তাই পুরো আয়োজনটি রকভক্তদের কাছে আজীবন মনে রাখার মতো একটা স্মৃতি রচনা করবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা।


বিজ্ঞাপন


অস্ট্রেলিয়া সফর নিয়ে নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘লাইভ ইন সিডনি’ কনসার্টের বিষয়ে আয়োজকদের সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। যদিও কনসার্ট হতে এখন অনেক দেরি, তাই এখনই এ বিষয়ে বেশি কিছু বলার নেই। তবে এটুকু বলা যায়, তারা যেভাবে পরিকল্পনা সাজিয়েছে, তাতে আশা করা যাচ্ছে বর্ণাঢ্য একটি আয়োজন হবে। 

এদিকে শিল্পী রূপম এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তাঁর বই ‘বাঘ ব্রহ্ম খেলা’র প্রচারণা নিয়ে। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর