সালমান খানকে হত্যার হুমকি দেওয়া ভারতের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের জীবন নিয়ে নির্মিত ‘লরেন্স অব পাঞ্জাব’ ওয়েব সিরিজ ঘিরে বিতর্ক তুঙ্গে। ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভের সিরিজটি নিষিদ্ধের দাবি জানিয়েছে পাঞ্জাব পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, লরেন্সের পরিবার এই সিরিজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আগামী ২৭ এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তির কথা থাকলেও পুলিশের বাধার মুখে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
বন্ধ হয়ে গেল সালমান খানের ছবির শুটিং
পাঞ্জাব পুলিশের দাবি, এ সিরিজে লরেন্স বিষ্ণোইকে হিরো হিসেবে দেখানো হয়েছে। রাজ্য পুলিশ বিভাগ ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে সিরিজটি নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে। পুলিশের ধারণা, এ ধরনের কনটেন্ট তরুণ সমাজকে অপরাধ জগতের দিকে ঠেলে দিতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর।
সিরিজটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন লরেন্স বিষ্ণোইয়ের চাচাতো ভাই রমেশ বিষ্ণোই। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পরিবার বা সরকার—কারও কাছ থেকে সিরিজ নির্মাণের জন্য অনুমতি নেওয়া হয়নি। গুরু এবং বীর যোদ্ধাদের পাঞ্জাবে গ্যাংস্টারের প্রচার করে পরিচালক রাঘব ধর কী প্রমাণ করতে চাইছেন। লরেন্সের মামলাগুলো এখনও আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তাঁকে গ্যাংস্টার হিসেবে পর্দায় তুলে ধরা অন্যায়। সিরিজটি নিষিদ্ধের আবেদন করতে পরিবার থেকে হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে পুলিশ এবং গ্যাংস্টারের পরিবারের আপত্তির মুখে জি-ফাইভ জানিয়েছে, ‘লরেন্স অব পাঞ্জাব’ কেবল একজন ব্যক্তির গল্প নয়। সিরিজে দেখা যাবে ছাত্র রাজনীতি, সংগীত জগৎ এবং ডিজিটাল মিডিয়ার প্রসারের মাধ্যমে কীভাবে একটি অপরাধী সিন্ডিকেট গড়ে ওঠে।
ইএইচ/




