দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়গণ’ মুক্তির আগেই পাইরেসির শিকার হয়েছে। অনলাইনে ছবির কিছু দৃশ্য ছড়িয়ে পড়েছে। সম্প্রতি দৃশ্যগুলো অবৈধভাবে সম্প্রচার করা হয় ভারতের তামিলনাড়ু রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর কোয়েম্বাটোরের একটি স্থানীয় ক্যাবল চ্যানেলে।
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯, মুখ খুললেন অভিনেতা
বিজ্ঞাপন
ফাঁস হওয়া দৃশ্য প্রচার করার পর নড়েচড়ে বসেছে তামিলনাড়ু প্রশাসন। সিনেমাটির পাইরেসি ঠেকাতে এবার কড়া পদক্ষেপ নিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। আদালতের জারি করা নিষেধাজ্ঞার ফলে এখন থেকে কোনো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা ক্যাবল অপারেটর ছবিটির কোনো অংশ অবৈধভাবে প্রচার করতে পারবে না।

পাইরেসি রুখতে ছবির প্রযোজনা সংস্থা জনসতর্কতামূলক আইনি নোটিশ জারি করেছে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষে আইনজীবী বিজয়ন সুব্রামানিয়াম জানিয়েছেন, ছবির দৃশ্য ডাউনলোড করা, ফরোয়ার্ড করা বা বিতরণ করা একটি গুরুতর অপরাধ। কয়েকশ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সিনেমার বাণিজ্যিক মূল্য অনেক বেশি। অনিরুদ্ধ রবিচন্দরের সংগীতে নির্মিত সিনেমার পাইরেসি ঠেকাতে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং কোয়েম্বাটোর থেকে এস. পালানিস্বামী নামে এক ক্যাবল অপারেটরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কপিরাইট ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
পাইরেসির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দক্ষিণি সুপারস্টার শিবাকার্তিকিয়ান এবং চিরঞ্জীবীর মতো অভিনেতারা। দর্শকদের প্রতি অনুরোধ জানিয়ে তাঁরা বলেন, পাইরেসি ছবি না দেখে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখবেন।

সেন্সরশিপ সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন কাটছাঁটের কারণে ছবিটির মুক্তি নিয়ে আগে থেকেই কিছুটা অনিশ্চয়তা ছিল। এর মধ্যে পাইরেসি কাণ্ড সিনেমাটিকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
ইএইচ/




