বৈশাখ মানেই পুরনো বছরের যা কিছু জীর্ণ, মলিন ও ব্যর্থ তার বিদায় এবং নতুনের আহ্বান। এই চিরন্তন উপলব্ধিকে কেন্দ্রে রেখে পহেলা বৈশাখ উপলক্ষে দীপ্ত টিভির আয়োজনে রয়েছে একগুচ্ছ অনুষ্ঠান। এরমধ্যে অন্যতম টকশো ‘নতুনের কেতন ওড়ে’।
‘নতুনের কেতন ওড়ে’ একটি ব্যাতিক্রমী আলাপ-আড্ডার মঞ্চ। বৈশাখের স্মৃতি ও চৈত্র সংক্রান্তি এই দুই নিয়ে অনুষ্ঠানটিতে একত্রিত হবেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, এনসিপি নেত্রী মুনিরা শারমিন, অভিনয়শিল্পী শাবনাম ফারিয়া এবং পরিচালক শঙ্খ দাশ গুপ্ত । গৌরব সরকারের পরিচালনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন রুহানী সালসাবিল লাবণ্য। পহেলা বৈশাখের বিশেষ টকশো ‘নতুনের কেতন ওড়ে’ প্রচারিত হবে ১৩ এপ্রিল রাত ১১টা ৩৫ মিনিটে।
বিজ্ঞাপন
১৪ এপ্রিল সকাল ৬টা ৪৫ মিনিটে রমনা বটমূল থেকে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। ১৪ এপ্রিল সকাল ১০টা ১৫মিনিটে বাংলা সিনেমা ‘রাত জাগা ফুল‘। মীর সাব্বির পরিচালনায় অভিনয় করেছেন মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস ঐশী, দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ এবং ফজলুর রহমান বাবু।
১৪ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে বাংলা সিনেমা ‘দহন’। রাহমান রাফীর পরিচালনায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরী, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু। ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা মাইক্রো ড্রামা ছদ্মবেশী ভালোবাসা।
খ্যাতিমান ডিজাইনার অ্যাভ্রিল ল্যাভিন ও প্রভাবশালী ব্যবসায়ী ফু ইয়ানসি দুজনেই পরিবারের ঠিক করা সম্পর্ক থেকে সরে এসে নিজেদের মতো করে ভালোবাসা খুঁজতে চায়। কিন্তু ভাগ্যের খেলায় ছদ্মবেশেই তাদের দেখা হয়ে যায়, জন্ম নেয় প্রেম, আর শুরু হয় এক অজানা যাত্রা।
মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে আছেন জয়শ্রী মজুমদার লতা। মোর্শেদ সিদ্দিকী মরুর প্রজেক্ট ডিরেক্টরের তত্ত্বাবধানে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েন দীপ্ত টিভির কণ্ঠাভিনয় টিম।




