পহেলা বৈশাখ উপলক্ষে সরগরম সংগীতাঙ্গন। নতুন বছরকে বরণ করে নিতে গান তৈরিতে ব্যস্ত সংশ্লিষ্টরা। এ তালিকায় আছেন কণ্ঠশিল্পী মেরিন মেরি। প্রকাশ পেয়েছে তার কণ্ঠে ‘আগুন’ নামের একটি মিউজিক ভিডিও।
গানটির কথা লিখেছেন সালাহউদ্দিন সাগর। সুর করেছেন সজীব দাস। মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন মামুন আফনান রুমি।
বিজ্ঞাপন
গানটি নিয়ে মেরিন মেরি বলেন, ‘অনেক দিন ধরে দারুণ কিছু করার ইচ্ছা ছিল। আগুন সেরকমই একটি কাজ হয়েছে। কথা ও সুরের খুব সমন্বয় হয়েছে। আশা করি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’
সজীব দাস বলেন, ‘কোনো গানের কথা সুরের আলাপ ভালো হলে কাজ সহজ হয়ে যায়। মন ভরে সংগীত করা যায়। আগুন সেরকম একটি গান। গানটি নিয়ে আমরা সবাই আশাবাদী।’
মামুন আফনান রুমির পরিচালনায় মিউজিক ভিডিওর মডেল হয়েছেন আনজুমান মেহজাবিন এবং শিশির সর্দার। মেরিন মেরির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।




