বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক তরুণ ঘোষ মারা গেছেন 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পিএম

শেয়ার করুন:

জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক তরুণ ঘোষ মারা গেছেন 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও প্রখ্যাত চিত্রশিল্পী তরুণ ঘোষ আর নেই। বুধবার (৮ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে হৃদরোগে আকান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর।

তরুণ ঘোষের মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা এন রাশেদ চৌধুরী। জানা যায়, অ্যাজমা থেকে সৃষ্ট জটিলতায় হৃদরোগে আক্রান্ত হন তরুণ ঘোষ। গতকাল রাত পৌনে ১২টার দিকে হঠাৎ তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন


বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন এ শিল্পী। ১৯৭৯ সালে তিনি রাজশাহী আর্ট কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে যোগ দেন। পরে সেই কলেজটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ হিসেবে যুক্ত হয়। ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি ভারতের বরোদায় অবস্থিত এম এস বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘ফোক পেইন্টিং রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন প্রোগ্রাম’-এ কাজ করেন। ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে যোগ দিয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে ২০১২ সালে ‘কিপার’ পদ থেকে অবসর গ্রহণ করেন।

তরুণ ঘোষ চিত্রশিল্পী হিসেবে যেমন স্বনামধন্য, তেমনি তাঁর উজ্জ্বল পরিচিতি রয়েছে শিল্প নির্দেশক হিসেবেও। চিত্রকলার পাশাপাশি চলচ্চিত্রের শিল্প নির্দেশনায়ও তিনি রেখে গেছেন অনন্য অবদান। আবু সাইয়ীদের ‘কিত্তনখোলা’র জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এ ছাড়া তারেক মাসুদের ‘মাটির ময়না’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নরসুন্দর’ এবং এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’সহ একাধিক চলচ্চিত্রে শিল্প নির্দেশক হিসেবে তিনি কাজ করেছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর