পারিবারিক ড্রামা ও কমেডির সংমিশ্রণে জনপ্রিয় চরিত্র 'জ্ঞানী গণি' ফিরছে পর্দায়! ওটিটি প্ল্যাটফর্ম Bongo নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল ড্রামা ‘জ্ঞানী গণি-০৪’। ইমরান ইমন পরিচালিত এই সিক্যুয়েলের মাধ্যমে দর্শকদের আবারও হাসাতে এবং ভাবাতে আসছেন জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন। ড্রামাটি এই বৃহষ্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ থেকে শুধুমাত্র Bongo-তে স্ট্রিমিং হবে।
এবারের গল্প আবর্তিত হয়েছে গ্রামে নতুন এক অতিথির আগমনকে কেন্দ্র করে। অতি বিদ্বান এই অতিথির আবির্ভাবে তৈরি হওয়া অদ্ভুত সব পরিস্থিতি ‘জ্ঞানী গণি’ কি পারবে তার বুদ্ধি দিয়ে সামাল দিতে? নাকি নিজেই জড়িয়ে যাবে কোনো বড় বিপদে? এই প্রশ্নের উত্তর মিলবে ‘জ্ঞানী গণি-০৪’-এর পর্দায়।
বিজ্ঞাপন
পরিচালক ইমরান ইমন বলেন, "জ্ঞানী গণি চরিত্রটি দর্শকদের খুব কাছের। এবারের গল্পে আমরা জ্ঞানের মারপ্যাচে এক ভিন্নরকম সামাজিক অসঙ্গতি হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, প্রতিবারের ন্যায় এবারও দর্শক গণির কান্ডকারখানা উপভোগ করবেন।"
শরাফ আহমেদ জীবনকে কেন্দ্র করে আবর্তিত এই গল্পে আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, রাফিউল কাদির রুবেল, আদিয়াত জামান আয়ান, মানস বন্দ্যোপাধ্যায়, শাহাদাত শিশির, মাহমুদ আলম, সায়র নিয়োগী ও অন্যান্যরা। নাটকটির চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে পারিবারিক বন্ধন ও বুদ্ধিমত্তার লড়াই।

