চরিত্র জীবন্ত করে তুলতে জুড়ি নেই অভিনেতা এমএনইউ রাজুর। এর আগে একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন। সদ্য শেষ হওয়া ‘দেনা পাওনা’ ধারাবাহিকে হোসেন রিকশাওয়ালার চরিত্রে রূপদান করে মুগ্ধ করেন দর্শকদের।
এবার তাকে দেখা যাচ্ছে ভিক্ষুকের চরিত্রে। সম্প্রতি প্রচারের আসা মিনি সিরিজ ‘চেনা অচেনা’য় এ রূপে দেখা যাচ্ছে রাজুকে। চরিত্রটি করতে গিয়ে বাস্তবে পথচারীদের কাছে ভিক্ষা চেয়েছেন রাজু।
বিজ্ঞাপন

ঢাকা মেইলকে রাজু বলেন, ‘‘চেনা অচেনা’ নামে একটি মিনি সিরিজ শুরু হয়েছে। এখানে আমি ভিক্ষুকের চরিত্রে অভিনয় করছি। এ চরিত্রে প্রস্তাব দিতেই লুফে নিয়েছি। মনে হয়েছে এটা অন্যরকম এবং চ্যালেঞ্জিং। এখানে আমার হাঁটার ধরণ দেখেই সবাই অবাক। নেটিজেনরা যদি পাঁচ হাজার কমেন্ট করেন তার চার হাজারই আমাকে নিয়ে।’’
তার কথায়, ‘চরিত্রটি করতে গিয়ে কস্টিউম পরে ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে পরিচালকের কাছে দুই মিনিট সময় চেয়ে নিই। এরপর সাধারণ মানুষের কাছে ভিক্ষা চাচ্ছিলাম। কেউ বুঝতে পারেনি যে আমি ভিক্ষুক নই। কেউ দিচ্ছিলেন আবার কেউ দেননি। তারা মনে করেছেন আসলেই আমি একজন ফকির। তখন মনে হয়েছে আমি আসলেই চরিত্রটির ভেতর ঢুকতে পেরেছি।’

বিজ্ঞাপন
চেনা অচেনার নির্মাতা ওমর ফারুক। এতে রাজু ছাড়াও অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, তাবাসসুম ছোঁয়া, দিলারা জামান, ডা. এজাজুল ইসলাম, শিল্পী সরকার অপু, মাহমুদুল ইসলাম মিঠু, এ বি রোকন, তানজিম হাসান অনিক। প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে সিরিজটি।

