‘আমি সব সময় পড়ালেখায় ভালো ফল করার চেষ্টা করেছি। কিন্তু জীবনে কখনও প্রথম হতে পারিনি। সব সময় দ্বিতীয় বা তৃতীয় হয়েছি। সব সময়ই মনে হতো, কোথাও না কোথাও প্রথম হতে চাই। আজ সত্যিই আমি এই মঞ্চে প্রথম হতে পেরেছি।’ ‘লাক্স সুপারস্টার ২০২৫’–এর বিজয়ী হয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।
গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণার আসর। জমকালো সে আয়োজনে সেরা সুন্দরীর মুকুট জেতেন বর্ণিতা।
বিজ্ঞাপন
বর্ণিতার হাতে স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি ট্রফি তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস খান ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পাশাপাশি তাকে দেওয়া হয় একটি বিলাসবহুল গাড়ির চাবি।
এরপরই নিজের প্রতিক্রিয়াও ব্যক্ত করেন বর্ণিতা। বলেন, ‘পুরস্কার ঘোষণার সময় আমার পা এত কাঁপছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। বারবার পা শিফট করছিলাম। যখন যাত্রা শুরু করি, তখন ভাবিনি এত দূর আসতে পারব। আল্লাহর রহমতে, মানুষের ভালোবাসায় আর নিজের পরিশ্রমে এখানে আসা।’
এদিকে পুরস্কারের ঝুলিতে শুধু গাড়ি নয়, সঙ্গে থাকছে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর সিনেমায় কাজের সুযোগ। এ নিয়ে তার মন্তব্য, ‘রায়হান রাফী স্যারের সিনেমায় কাজের সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত।’ ছবিটি নির্মিত হবে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে।
বর্ণিতার মাধ্যমে দীর্ঘ সাত বছর পর নতুন সুপারস্টার পেল লাক্স। ২০০৫ থেকে ১৮ পর্যন্ত নিয়মিত আয়োজন চললেও এরপর আর নতুন আসর বসেনি। অর্ধযুগ পর দশম আসরের সেরা সুন্দরীর খেতাব জিতলেন বিদুষী বর্ণিতা।

