প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর বেশ স্নেহভাজন ছিলেন কণ্ঠশিল্পী শাহ্ হামজা। ক্যারিয়ারের শুরু থেকেই এবিকে অনুসরণ করছে তিনি। এবার প্রিয় শিল্পীর একটি গান নিয়ে শ্রোতাদের সামনে এলেন তিনি।
আইয়ুব বাচ্চুর জনপ্রিয় ‘ময়না’ গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। প্রায় তিন যুগ আগে এবির কণ্ঠে এটি শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়। গানটির কথা লেখেন মিলন খান। গানটির নতুন সংগীতায়োজন করেছেন জাহিদ বাসার পংঙ্কজ।
বিজ্ঞাপন
গানটি প্রসঙ্গে শাহ্ হামজা বলেন, ‘শৈশব থেকে যে সুর ও ফিল এবং যে গীটার আমাদের হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে সেই অনুপ্রেরণা থেকেই এই গানটি করেছি। যারা এবির গান শুনে বড় হয়েছে এই গানটি তাদের উৎসর্গ করলাম।’
প্রসঙ্গত, নব্বই দশকে শাহ্ হামজা গান শুরু করেন। তার দুটি একক, একটি ব্যান্ড এবং একটি মিশ্র অ্যালবামসহ মোট ৪টি অ্যালবাম প্রকাশ হয়েছে। অ্যালবামগুলো হলো ‘নীরব বেদনা’ ‘যে কথা বলা হয়নি’, ‘এক আমি’ এবং ‘পাগল’। ইউটিউবের যুগে এসেও নিয়মিত গান প্রকাশ করছেন তিনি।

