কয়েক বছর ধরে ঢালিউডের আইটেম গানের কারিগর হিসেবে দাপট দেখাচ্ছেন প্রীতম হাসান। এবার লাগাম টানছেন উরাধুরা, চাঁদ মামা গানের এই স্রষ্টা। আইটেম গান থেকে দিয়েছেন সাময়িক বিরতির ঘোষণা।
এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিন্স সিনেমার ড্যান্স ট্র্যাক ‘জ্বালা জ্বালা’ প্রীতমের সুরে গেয়েছেন কিংবদন্তী কণ্ঠশিল্পী রুনা লায়লা। ওই গানের খবর দেওয়ার সময় বিরতির সিদ্ধান্ত জানিয়েছিলেন গায়ক।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘কিছু সময়ের জন্য সিনেমার ড্যান্স ট্র্যাকে কণ্ঠ দেওয়া থেকে বিরতি নিচ্ছি। নতুন কিছু না করার সুযোগ থাকলে আসব আবার। আপাতত হয়তো ফিরে যাব “শরতের শেষ থেকে”, “মরে যাক”, “খোকা”-এর মতো গানে। যেখানে একটু হাইপ কম, কিন্তু আত্মার শান্তি বেশি। আমার সিনেমার কাজ নিয়ে যাঁরা সাপোর্ট করেছেন, এমনকি সমালোচনাও করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’
এদিকে মাইক্রোফোনের পাশাপাশি ক্যামেরার সামনেও নিজেকে প্রমাণ করেছেন প্রীতম। ওটিটিতে মুক্তি পেয়েছে তার অভিনীত সিরিজ ‘ক্যাকটাস’। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। এতে প্রীতমের বিপরীতে আছেন জেফার।

