রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

‘রকস্টার’-এ বিশেষ দৃশ্যে শাকিবের সঙ্গে দেখা হবে পান্থ কানাইয়ের 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

‘রকস্টার’-এ এক বিশেষ মুহূর্তে শাকিবের সঙ্গে দেখা হবে পান্থ কানাইয়ের 

কয়েক বছর নিয়মিত গ্যাংস্টার অবতারে দেখা যাচ্ছে শাকিব খানকে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘প্রিন্সে’ও তাই। এবার অ্যাকশন জনরা থেকে বেরিয়ে পুরোদস্তুর মিউজিশিয়ান হিসেবে পর্দায় ধরা দিতে যাচ্ছেন কিং খান। ‘রকস্টার’ নামের সে ছবিতে রকস্টার হিসেবে দেখা যাবে তাকে। এ ছবিতে শাকিবের সঙ্গে অভিনয় করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ‘রকস্টার’ সিনেমায় অল্প সময়ের জন্য পান্থ কানাইকে দেখা যাবে। সিনিয়র রকস্টারের চরিত্রে অভিনয় করবেন তিনি। ঘটনাচক্রে একটি বিশেষ জায়গায় শাকিবের রকস্টার চরিত্রটির সঙ্গে পান্থ কানাইয়ের দেখা হবে। জীবনের একটি ক্রাইসিস মোমেন্টে হবে এই দুই রকস্টারের সাক্ষাৎ। এমন এক জায়গায় দেখা হয় পান্থ কানাইয়ের যাওয়া আসা থাকে। 


বিজ্ঞাপন


656209916_1489903665836337_6065746060110465558_n

তবে বিষয়টি নিয়ে ঝেড়ে কাশলেন না পান্থ কানাই। শুধু জানালেন, শাকিবের সঙ্গে এমন এক জায়গায় তাকে দেখা যাবে যা ভীষণ চমকপ্রদ হবে। ছবিতে তার কণ্ঠে একটি গানও রয়েছে। 

তবে চরিত্র নিয়ে রহস্য জমিয়ে রাখলেও শাকিবকে নিয়ে বলতে কার্পণ্য করলেন না পান্থ কানাই। তার কথায়, ‘দেশে একমাত্র কিং খান বলতে আমি শাকিব খানকে বুঝি। কেননা তিনি আড়াই দশক ধরে দেশের চলচ্চিত্রকে টেনে নিচ্ছেন। অগণিত ভক্তশ্রোতা ওনার। এই মানুষকে অবশ্যই সম্মান করা উচিত। আমার মতে উনি (শাকিব খান) বাংলাদেশের অমিতাভ বচ্চন।’


বিজ্ঞাপন


শাকিবের সঙ্গে অভিনয়ের ইচ্ছা দীর্ঘদিনের উল্লেখ করে এ রকস্টার বলেন, ‘অনেক দিন ধরে আমার ভেতরে একটা সুপ্ত ইচ্ছা ছিল। সেটি হলো শাকিব খানের সঙ্গে কাজ করার। সেটা এবার হচ্ছে। এটা আমার জন্য খুব ভালো লাগার একটি বিষয়।’ 

488433744_9620450158068646_8358988242418238501_n

এর আগেও সিনেমায় অভিনয় করেছেন পান্থ কানাই। মঈন হাসান ধ্রুব পরিচালিত ‘দাহকাল’ সিনেমায় দেখা গেছে তাকে। একটি অ্যাড এজেন্সির মালিকের চরিত্রে অভিনয় করেছিলেন। তার সহশিল্পী ছিলেন তাসনিয়া ফারিণ ও ইয়াশ রোহান।  

এরইমধ্যে মালয়েশিয়ায় শুরু হয়েছে ‘রকস্টার’-এর শুটিং। গতকাল ২৮ মার্চ শাকিবের জন্মদিনে সিনেমাটির একটি লুকও প্রকাশ পেয়েছে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরকে। পরিচালক আজমান রুশো।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর