বর্ষাকালে গাড়ির এয়ার কন্ডিশনার সঠিকভাবে ব্যবহার করলে আরামদায়ক কুলিং পাওয়ার পাশাপাশি আর্দ্রতা ও কাচ ঝাপসা হওয়ার সমস্যা কমানো সম্ভব। ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেট করা থেকে শুরু করে উইন্ডশিল্ডে ফগ জমার সমস্যা দূর করার কিছু কার্যকরী টিপস জেনে নেওয়া যাক।
বর্ষাকালে গাড়ির এয়ার কন্ডিশনার ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চালানো সবচেয়ে ভালো। এই তাপমাত্রায় যেমন আরাম বোধ হয়, তেমনই এটি জ্বালানি সাশ্রয় করতে সাহায্য করে এবং গাড়ির ভিতরের আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখে।
বর্ষাকালে গাড়ি চালানোর সময় এসির বাতাস ও তাপমাত্রা ঠিক রাখতে কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। যেমন গাড়ির এসির ফ্যান মাঝারি গতিতে চালানো উচিত। এতে পুরো কেবিন জুড়ে সমানভাবে ঠান্ডা বাতাস ছড়ায় এবং অতিরিক্ত ঠান্ডা লাগার সম্ভাবনা কমে যায়। এ ছাড়া এসির রি-সার্কুলেশন মোড ব্যবহার করা অত্যন্ত কার্যকরী, কারণ এটি ভিতরের বাতাস ঠান্ডা করার পাশাপাশি বাইরের গরম ও আর্দ্র বাতাসকে প্রবেশ করতে বাধা দেয়।
ঠান্ডা হাওয়ার সরাসরি প্রভাবে গলা ব্যথা এড়াতে এসি ভেন্টগুলির মুখ ওপরের দিকে এবং মুখ থেকে কিছুটা দূরে রাখা উচিত। পাশাপাশি, বর্ষার আর্দ্র ভাব দূর করতে এবং কাচ ঝাপসা হওয়া রোধ করতে গাড়ির জানালা সামান্য খোলা রাখা যেতে পারে।
এসি দীর্ঘস্থায়ী ও কার্যকর রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। বর্ষার আগেই এসি সার্ভিসিং করিয়ে নেওয়া ভালো। নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার বা পরিবর্তন করতে হবে, কারণ নোংরা ফিল্টার বায়ুপ্রবাহ কমিয়ে দেয় এবং এসির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। একই সঙ্গে কনডেন্সার কয়েল পরিষ্কার রাখা এবং প্রয়োজনে রেফ্রিজারেন্ট বা ফ্রেয়নের স্তর পরীক্ষা করে তা টপ আপ করা উচিত। অতিরিক্ত আর্দ্রতা দূর করতে ডি-ময়েশ্চারাইজারও ব্যবহার করা যেতে পারে।
এজেড




