আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। দিনব্যাপী প্রচার হবে সংগীত, কবিতা আবৃত্তি, আলোচনা ও নাটকসহ বর্ণাঢ্য নানা অনুষ্ঠান। চলুন জেনে নেওয়া যাক সেসব অনুষ্ঠানের খবর।
আজ সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে একটি বিশেষ সংগীতানুষ্ঠান। বেলা ১২টায় রয়েছে দেশাত্মবোধক কবিতা আবৃত্তির অনুষ্ঠান। দুপুর ১২টা ৪৫ মিনিটে থাকছে সংগীতানুষ্ঠান ‘স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন’। এতে গান পরিবেশন করবেন দিঠি আনোয়ার, পিয়াল হাসান, সোহেল মেহেদী, লায়লা ইয়াসমিন লাবণ্য, লাবণী আক্তার, চম্পা বনিক, অন্তর, মৌসুমী ইকবাল ও রাফিজা আক্তার।
বিজ্ঞাপন
দুপুর ১টা ৩০ মিনিটে প্রচার হবে ১৯৭১ সালের ২৬ মার্চ দেশি-বিদেশি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিশ্লেষণধর্মী একটি অনুষ্ঠান। বিকেল সাড়ে ৪টায় থাকছে স্বরচিত কবিতা পাঠ। বিকেল ৫টায় প্রচার হবে সংগীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টায় থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান।
রাত ৯টায় প্রচার হবে আব্দুল আজিজের রচনা ও নাসির উদ্দিনের প্রযোজনায় বিশেষ নাটক ‘ওঁরা ছিলেন বলেই’। এতে অভিনয় করেছেন আব্দুল আজিজ, প্রমা আজিজ, শ্যামল হাসান, কবির টুটুল, ঈশিকা আজিজ, খন্দকার শাহ আলম, ম ম মোর্শেদ, মারুফ আকিব, সাবিহা জামান প্রমুখ। মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটকটি।
রাত ১০টায় সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ও নাদিয়া হকের উপস্থাপনায় প্রচার হবে আলেখ্যানুষ্ঠান ‘মুক্তির পতাকা আমার’। একক গান, দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। এতে দেশাত্মবোধক গান পরিবেশন করেছেন সামিনা চৌধুরী ও স্বরলিপি। দলীয় সংগীতে থাকছে জনপ্রিয় দুটি দেশাত্মবোধক গান ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ ও ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’।
এ ছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণসহ রাষ্ট্রীয় নানা আয়োজন সরাসরি সম্প্রচার করবে বিটিভি।

