সম্ভবত জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি কাটিয়ে এলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী গোস্বামী। স্বামীর ব্রেন টিউমারে থমকে গিয়েছিল তার জীবন। হাতেও ছিল না কাজ। সব মিলিয়ে চরম দুঃসময় ভর করেছিল। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
তনুশ্রীকে সবশেষ দেখা গেছে ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে। এরপরই তার স্বামীর ব্রেন টিউমার ধরা পড়ে। তিনি বলেন, “আগেও ব্রেন টিউমার হয়েছিল। কিন্তু আবার যে সেই সমস্যাই ফিরে আসবে তা বুঝতে পারিনি। তবে এখন অনেকটা স্বস্তি পেয়েছি। অস্ত্রোপচার সফল হয়েছে। বাড়িতেও নিয়ে আসতে পেরেছি। সেলাই কাটাতে নিয়ে যাব। বিপন্মুক্ত বলা যেতে পারে।”
বিজ্ঞাপন
জীবনের এমন কঠিন সময়ে কাজহীন হয়ে পড়েন তনুশ্রী। তার কথায়, “এই ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র অভিনেতাই নিয়মিত কাজ পান না। সেখানে আমার দুই মাস বাড়িতে থাকা খুবই তুচ্ছ ব্যাপার। তবে কাজ শুরু হয়েছে নতুন ধারাবাহিকের। আরও বেশ কিছু জায়গায় কাজের কথা হয়ে আছে। কিন্তু চূড়ান্ত না হলে বলতে পারব না।”
তনুশ্রীর স্বামী শিল্পী। ‘পরশপাথর’ ব্যান্ডে বাজান তিনি। অসুস্থতার কারণে ব্যান্ডের অনুষ্ঠানও অনিশ্চয়তায় বলে জানান তনু। পাশাপাশি স্বামীর অসুস্থতায় মানসিক চাপমুক্ত থাকতে সামাজিক মাধ্যম থেকে দূরে ছিলেন বলে জানান এ অভিনেত্রী।

