সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

৭ সিনেমায় মাছরাঙার ঈদ, সঙ্গে ২৮ নাটক ২ ধারাবাহিক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম

শেয়ার করুন:

৭ সিনেমায় মাছরাঙার ঈদ, সঙ্গে ২৮ নাটক ২ ধারাবাহিক

আসছে ঈদুল ফিতরে মাছরাঙা টেলিভিশনের সাত দিনব্যাপী বিশেষ আয়োজনে থাকছে সাতটি জনপ্রিয় সিনেমা। ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রোজ দুপুর ২:২০ মিনিটে প্রচারিত হবে সিনেমাগুলো। 

এরমধ্যে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ এবং গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’প্রথমবারের মতো টিভি পর্দায় আসছে। ‘উৎসব’ প্রচারিত হবে ঈদের দিন। গেল বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া তারকাবহুল এই সিনেমায় অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান প্রমুখ। 


বিজ্ঞাপন


‘কাজলরেখা’ প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন। ঐতিহ্যবাহী ‘মৈমনসিংহ গীতিকা’ অবলম্বনে নির্মিত এ ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। কাজলরেখার কিশোরী বয়সের চরিত্রটি করেছেন সাদিয়া আয়মান। সুচরাজা চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। কঙ্কণদাসী চরিত্রে আছেন রাফিয়াত রশিদ মিথিলা। আরও আছেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাসার, শাহানা সুমি, ইরফান সেলিম সুজয় প্রমুখ। 
ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও ইধিকা পাল। ঈদের চতুর্থ দিন থাকছে এম রাহিম পরিচালিত ‘জংলি’। এতে অভিনয় করেছেন সিয়াম, বুবলী, দীঘি প্রমুখ। 

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন। এ ছবির নায়ক শাকিব খান, নায়িকা মিমি চক্রবর্তী ও নাবিলা। ঈদের ষষ্ঠ দিন থাকছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ প্রমুখ। অনন্য মামুন পরিচালিত ‘দরদ’ প্রচারিত হবে ঈদের সপ্তম দিন। এ ছবির নায়ক-নায়িকা শাকিব খান ও সোনাল চৌহান। 

জনপ্রিয় তারকাদের মোট ২৮টি নাটক এবং দুটি ৭ পর্বের ধারাবাহিক থাকছে মাছরাঙার এবারের ঈদ আয়োজনে। নাটক প্রচারিত হবে বিকাল ৫:৫০, রাত ৮ টা, ১০:২০ ও ১১:৩০ মিনিটে। ৭ পর্বের দু’টি ধারাবাহিক প্রচারিত হবে সন্ধ্যা ৭:২০ ও রাত ৯:১০ মিনিটে। 

উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে জোভান-সাদিয়া আয়মান অভিনীত কলেজ ডে’জ, মোশাররফ করিম-তানিয়া বৃষ্টি অভিনীত বø্যাক লাভ, জোভান-নাজনীন নিহা অভিনীত গুড লাক, নিলয়-হিমি অভিনীত ম্যাজিক বস, আরশ খান-সামিরা মাহি অভিনীত নি:স্ব তুমি আমার।


বিজ্ঞাপন


এছাড়া ৭ পর্বের দুটি ধারাবাহিক হলো- চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ প্রমুখ অভিনীত মেইন কাস্টিং এবং মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই প্রমুখ অভিনীত ভ্যাজাল জামাই।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর