সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

‘অস্কারে স্ত্রীর সিনেমা মনোনয়ন না পাওয়ায় ডোনাল্ড ট্রাম্প চটে যাবেন’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ১১:২৫ এএম

শেয়ার করুন:

ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রীকে কটাক্ষ করলেন অস্কারের সঞ্চালক

অস্কারের মঞ্চে ফিরে পুরনো মেজাজেই ধরা দিলেন চারবারের সঞ্চালক জিমি কিমেল। রোববার রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রসিকতার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্পের অ্যামাজন ডকুমেন্টারি এবং টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস-কে নিয়ে কটাক্ষ করেন তিনি।

অস্কারের মূল সঞ্চালক কোনান ও’ব্রায়েনের মঞ্চে আসতে দেরি হওয়ায় এর ফাঁকে কিমেল মঞ্চে উঠে রসিকতা করে বলেন, ‘অতিরিক্ত ফর্সা চামড়ার কারণে রোদে পুড়ে যাওয়ার ভয়ে কোনান বাইরে বাতাস খেতে গেছেন, সেই ফাঁকেই আমি মঞ্চ দখল করলাম।’ এমন মন্তব্যে হাসির রোল ওঠে অডিটোরিয়ামে।’


বিজ্ঞাপন


ডকুমেন্টারি বিভাগে পুরস্কার দেওয়ার আগে তিনি নির্মাতাদের সাহসের প্রশংসা করতে গিয়ে বলেন, প্রকৃত সাহস হলো এমন গল্প বলা যা বলতে গেলে প্রাণসংশয় হতে পারে। এরপরই বাকস্বাধীনতাহীন দেশের তালিকায় উত্তর কোরিয়ার পাশাপাশি সিবিএস-এর নাম উল্লেখ করে তিনি উপস্থিত সবাইকে চমকে দেন। মূলত নিজের শো সাময়িক বন্ধ হওয়া এবং স্টিফেন কোলবার্টের অনুষ্ঠান বাতিলের ক্ষোভ থেকেই কিমেল এমন তির্যক মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সবশেষে কিমেল সরাসরি আক্রমণ করেন ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে। মেলানিয়ার ওপর নির্মিত ডকুমেন্টারিকে উপহাস করে তিনি বলেন, একদিকে যেমন সত্য তুলে ধরার জন্য লড়াকু সিনেমা আছে, তেমনি এমন সিনেমাও আছে যেখানে হোয়াইট হাউসে ঘুরে ঘুরে স্রেফ জুতো ট্রায়াল দেওয়া হয়। এমনকি সেরা পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারির খাম খোলার সময় তিনি টিপ্পনী কেটে বলেন, নিজের স্ত্রীর সিনেমা মনোনয়ন না পাওয়ায় ট্রাম্প নিশ্চয়ই ভীষণ চটে যাবেন।

উল্লেখ্য, ৯৮তম আসরে সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র হিসেবে ‘অল দ্য এম্পটি রুমস’ এবং সেরা পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র হিসেবে ‘মিস্টার নোবডি অ্যাগেইনস্ট পুতিন’ অস্কার ঘরে তুলেছেন।


বিজ্ঞাপন


ইএইচ/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর