সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

লাভ সিটার: একটি বিড়াল আর দুই নিঃসঙ্গ মানুষের মায়ার গল্প! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

লাভ সিটার: একটি বিড়াল আর দুই নিঃসঙ্গ মানুষের মায়ার গল্প! 

শাহজাদা মামুনের মূল গল্প এবং অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদের যৌথ পরিচালনায় নির্মিত ওয়েব ফিল্ম লাভ সিটার মুক্তি পাচ্ছে ঈদের ৩য় দিন, শুধুমাত্র ওটিটি মাধ্যম বঙ্গতে দেখা যাবে। 

বড় শহরের ব্যস্ততা আর একাকিত্বের মাঝে গড়ে ওঠা এক অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ফিল্মটি। চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে এক ট্রেন যাত্রায় আবিরের ব্যাগে ভুল করে ঢুকে পড়ে হৃদির প্রিয় বিড়াল হিপনোসিস। এই একটি ছোট্ট দুর্ঘটনা কীভাবে দুইজন নিঃসঙ্গ মানুষকে কাছাকাছি আনে এবং একটি বিড়াল কীভাবে তাদের জীবনের আবেগীয় সেতুবন্ধন হয়ে ওঠে, তা-ই ফুটে উঠেছে গল্পে।


বিজ্ঞাপন


পরিচালক মুশফিকা মাসুদ বলেন, "এই শহরে প্রতিদিন অসংখ্য প্রাণী অসহায়ভাবে ঘুরে বেড়ায়— একটু মায়া, একটু আশ্রয়ের আশায়। অথচ আমরা প্রায়ই ভুলে যাই, যাকে আমরা পোষা প্রাণী বলে ভাবি, তার পুরো জীবনটাই জুড়ে থাকে সেই মানুষের সঙ্গে, যে তাকে আশ্রয় দিয়েছে। মানুষের জীবনে পোষা প্রাণী হয়তো একটি ছোট্ট অংশ, কিন্তু সেই প্রাণীর কাছে মানুষটিই তার পুরো পৃথিবী। এই ভাবনা থেকেই 'লাভ সিটার'-এর গল্প বলতে চেয়েছি। আবির, হৃদি এবং একটি ছোট বিড়াল হিপনোসিস—এই তিনটি চরিত্রের মধ্য দিয়ে আমরা সেই মায়া, দায়িত্ব এবং অসম্পূর্ণ ভালোবাসার গল্পটিই খুঁজে দেখার চেষ্টা করেছি। এটি শুধু একটি সম্পর্কের গল্প নয়, বরং সহমর্মিতার একটি ছোট্ট স্মরণ।"

অমিতাভ রেজা চৌধুরী বলেন, "গল্পটি আমার কাছে খুব ব্যক্তিগত। বড় শহরে মানুষে ভরা জীবনের মাঝেও এক ধরনের নিঃসঙ্গতা থাকে— যা অনেক সময় আমরা নিজেরাও বুঝতে পারি না। 'লাভ সিটার' সেই নিঃসঙ্গতার ভেতরে জন্ম নেওয়া এক অদ্ভুত সম্পর্কের গল্প। আমরা দেখতে চেয়েছি, ভালোবাসা সবসময় বড় কোনো নাটকীয় ঘটনা নয়; অনেক সময় তা খুব নীরব, খুব সাধারণ, কিন্তু গভীরভাবে মানবিক। এই চলচ্চিত্রে বাস্তবতার মাঝেও আমরা একটি ছোট্ট ম্যাজিকের স্পর্শ রেখেছি—কারণ কখনও কখনও মানুষ এতটাই একা হয়ে যায় যে সে তার সবচেয়ে কাছের প্রাণীর সঙ্গেই নিজের কথা বলতে শুরু করে।"

এ প্রসঙ্গে বঙ্গের চিফ অফ কন্টেন্ট, জনাব মুশফিকুর রহমান, তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "'লাভ সিটার'-এর লগ লাইনটি অত্যন্ত সহজ, অনন্য এবং আবেগঘন। একটি বিড়ালের মাধ্যমে দুজন নিঃসঙ্গ মানুষের এক হওয়ার এই গল্পটি আমাদের আশাবাদী করে তুলেছে। প্রাণীদের প্রতি ভালোবাসার এই চিত্রায়ন দর্শকদের হৃদয়ে এক গভীর সত্যকে নাড়া দেবে: যে সকল জীবের প্রতি মায়া ও একতা বজায় রাখাই আমাদের পৃথিবীকে সুন্দর করে তোলে।"
এএম সিনেমার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটির মূল গল্প শাহজাদা মামুনের। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। 

আজ রোববার রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে এক বিশেষ প্রিমিয়ার শো-এর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ, জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান-সহ সংবাদ মাধ্যমের প্রতিনিধি, সাংবাদিক এবং চলচ্চিত্রটির অন্যান্য কলাকুশলীরা । 


বিজ্ঞাপন


বিশেষ এই প্রিমিয়ার শো-তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আইসক্রিম লিমিটেড-এর (পোলার) সিওও শাহ মাসুদ ইমাম এবং হেড অফ মার্কেটিং আবদুল্লাহ আল মামুন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ-এর মার্কেটিং, সেলস ও প্ল্যানিং বিভাগের সিনিয়র ডিরেক্টর প্রফেসর কামরুন নাহার পলিন। 
 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর