প্রচারণায় নেমেছে ঈদে মুক্তিপ্রতীক্ষিত ছবিগুলো। পোস্টার-টিজার প্রকাশ করে আগ্রহ বাড়াতে চাইছে দর্শকের। সে প্রচেষ্টায় সফল রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, রেদওয়ান রনির ‘দম’ এবং তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। ছবি তিনটির টিজার-ফার্স্ট লুক-ফার্স্ট হুইসেল দিয়ে নাড়িয়ে দিয়েছে দর্শকদের।
ছবি তিনটির সিনেমাটোগ্রাফি চোখ জুড়িয়েছে। গল্পের শক্তির আঁচ পাওয়া গেছে। ফর্মুলাভিত্তিক সিনেমার ছক থেকে বেরিয়ে আসার আভাস পাওয়া গেছে। অনেকে মনে করছেন ঢালিউডের পরিবর্তনের পালে হাওয়া দিতে যাচ্ছে এবারের ঈদ।
বিজ্ঞাপন
‘প্রেশার কুকার’-এর নির্মাতা রায়হান রাফীও তাই মনে করছেন। ঢাকা মেইলকে বলেন, ‘আমার মনে হচ্ছে বাংলা সিনেমায় যেন একটা জোয়ার আসছে এবারের ঈদে। টিপিক্যাল কমার্শিয়াল যে ঘরানা সেখান থেকে বেরিয়ে আসছে ঢালিউড। দেশি অরিজিনাল সিনেমার জোয়ার বইছে। বিশ্বের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এখন গল্প নির্ভর সিনেমার দাপট। ঢালিউড যেন সেই পথে হাঁটছে।’
এবার ঈদকে বাংলা সিনেমার জন্য গুরুত্বপূর্ণ মুক্তিপ্রতীক্ষিত ‘বনলতা এক্সপ্রেস’-এর পরিচালক তানিম নূর। তিনি বলেন, ‘আমার কাছেও মনে হয়েছে আমাদের ছবি এগিয়ে যাচ্ছে এবং একটি পরিবর্তন দেখতে পাচ্ছি। পরিবর্তন আগে থেকেই শুরু করেছিলাম। এবার মনে হচ্ছে বাংলা সিনেমা নতুন যাত্রায় আরও একধাপ এগিয়ে গেল। ওই জায়গা থেকে সবারই মনে হচ্ছে এবারের ঈদ ঢালিউডের জন্য বিশেষ হতে যাচ্ছে। আমি আশাবাদী এ ধারা অব্যহত থাকবে।’
নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘পরিবর্তনের কথা যদি বলি সে হাওয়া কয়েক বছর ধরে ঢালিউডে লেগেছে। তবে এবারের টিজারগুলো দেখে মনে হয়েছে ভিজ্যুয়ালি ইমপ্রুভ করেছে সিনেমাগুলো।’
এদিকে এখনও পোস্টার ও মোশন লুক ছাড়া কিছু প্রকাশ করেনি ঈদের অন্যতম দুই ছবি আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ এবং মেহেদী হাসানের ‘রাক্ষস’। ‘প্রিন্সে’ আছেন শাকিব খান। ‘রাক্ষসে’ সিয়াম আহমেদ।

