নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় নাইজেরীয় ফ্যাশন ডিজাইনার শেরিফ শিত্তুকে গুলি করে হত্যা করা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ভোরে ইস্ট ফ্ল্যাটবুশে অবস্থিত জনপ্রিয় ‘কুইলক্স রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জ’-এ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ঘটনার দিন শেরিফ তার ভাইবোনদের নিয়ে একটি জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশি সূত্রে জানা গেছে, সেখানে একজন মদ্যপ ব্যক্তি অসংলগ্ন আচরণ শুরু করেন। এক পর্যায় শেরিফের প্রেমিকা ও অন্য নারীদের উত্ত্যক্ত করেন। এর প্রতিবাদ করতে গেলে ওই ব্যক্তির সঙ্গে শেরিফের হাতাহাতি হয়। পরবর্তীতে নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত ব্যক্তিকে লাউঞ্জ থেকে বের করে দেওয়ার সময় তিনি আকস্মিকভাবে গুলি চালিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় শেরিফকে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
শেরিফের হত্যাকাণ্ডের পর তার পরিবার ক্লাবের নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। নিহতের ছোট ভাই সালেম শিত্তু জানান, জনপ্রিয় একটি ক্লাবে কীভাবে একজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করতে পারল। নিরাপত্তাকর্মীরা কেন সঠিকভাবে তল্লাশি চালায়নি তা তাদের বোধগম্য নয়। পরিবারটি তাদের ভাইয়ের হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করছে।
পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পর অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, তাকে সর্বশেষ জিন্স প্যান্ট এবং ধূসর রঙের জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করছে।
ইএইচ/

