দীর্ঘ প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাজনীতির মাঠের পাশাপাশি সরগরম শোবিজ অঙ্গনও।
ভোট দিয়ে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ঢাকা মেইলকে বললেন, ‘একটি সুস্থ নির্বাচন আমাদের কাঙ্ক্ষিত ছিল। আশা করি সেটা হচ্ছে। কোথাও কোনো অরাজকতা, হামলা, বিশৃঙ্খলা নেই। নতুন যে সরকার আসবে আশা করি সে সরকার দেশের উন্নয়নে কাজ করবে। নাগরিক অধিকারের জন্য কাজ করবে। সামনের বাংলাদেশ হবে সাম্যের ও ন্যায়বিচারের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নিজেদের অধিকার ও স্বাধীনতা খুঁজে পাবে।’
বিজ্ঞাপন
রটারড্যামজয়ী এ অভিনেত্রীর প্রত্যাশা, ‘আশা করি আমাদের সংস্কৃতির দিকে সরকারের নজর থাকবে। শিল্পীদের পেশাগত স্বীকৃতি রাষ্ট্রীয়ভাবে নেই। আশা করি সেদিকেও সরকারের ইতিবাচক দৃষ্টি থাকবে। আরও নানান রকমের কাজ আছে যা দেশ ও জাতির জন্য কল্যাণকর আশা করি সরকার সেগুলো করবে।’
বাঁধন ছাড়াও ভোট দিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেছেন ওমর সানী, রবি চৌধুরী, কুদ্দুস বয়াতি, নাজমুন মুনিরা ন্যান্সিসহ তারাকাদের অনেকে।
আজ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে সারা দেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

