সময়টা বেশ ভালো যাচ্ছে পূজা চেরির। বলা যায়, ধূমকেতুর মতো ছুটে চলছেন তিনি। টানা দুই ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘শান’ আলোচিত ছিল। এবার কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘সাইকো’ সিনেমাটিও সফলতার পথে হাঁটছে।
এদিকে সিনেমা মুক্তির পর ঘরে বসে নেই পূজা। ছুটে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন সিনেমা হলে। দর্শকের সারিতে বসে সিনেমা দেখছেন। সেইসব সিনেমা হলের দর্শক উপস্থিতির বিভিন্ন স্থিরচিত্র ও ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তিনি।

শুক্রবার ছবির প্রচারণায় দেওয়ানগঞ্জে গিয়েছিলেন পূজা। সেখানকার ভাই ভাই সিনেমা হলের দর্শক উচ্ছ্বাসের ছবি ও ভিডিও প্রকাশ করে এ নায়িকা ফেসবুকে লিখেছেন, “আমরা কথা বলি না, আমাদের দর্শক কথা বলে। ‘সাইকো’ ঢাকার বাইরে সুপার ডুপার হিট । ঈদের পঞ্চম দিনে দেওয়ানগঞ্জে হল পুরো হাউসফুল। দর্শকদের ভালোবাসাই আমাদের কাছে সবকিছু।”
দেওয়ানগঞ্জের স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় সিনেমা হলে এসে তার অভিনীত সিনেমা ‘সাইকো’ দেখার জন্য দর্শকদের ধন্যবাদ জানান। পূজা চেরি দর্শক ও ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন। এ সময় পূজা চেরির সঙ্গে ছিলেন রোশান ও অনন্য মামুন।

অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমাটি কোরবানির ঈদে মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রোশান ও পূজা চেরি। সিনেমাটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রডাকশন। রোশান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ।
আরএসও




