তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি থাকার খবরটি নতুন কিছু নয়। মাঝে মাঝেই এমনটা শোনা যায়। এবার ভুয়া আইডির যন্ত্রণায় অতিষ্ঠ জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ দিলেন হুঁশিয়ারি।
ফেসবুকে মৌয়ের নামে একাধিক আইডি রয়েছে। যা নেটিজেনদের বিভান্ত করছে। পাশাপাশি ওইসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস দেওয়া, ছবি আপলোড করা এবং তার পরিচিতজনদের পোস্টে মন্তব্য করা হচ্ছে বলে দাবি তার।
বিজ্ঞাপন

এতে ক্ষব্ধ মডেল জানিয়েছেন, ফেসবুকে তাঁর একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট রয়েছে, যার নাম ‘সাদিয়া ইসলাম’। ‘সাদিয়া ইসলাম মৌ’ নামে তার কোনো ফেসবুক আইডি বা পেজ নেই। পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো অ্যাকাউন্ট নেই বলে জানান তিনি।
এ বিষয়ে তিনি বলেন, ‘যাঁরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের খুব সুন্দর করে অনুরোধ করছি—এ ধরনের অপপ্রচার বন্ধ করুন। আমার অনুমতি ছাড়া ছবি পোস্ট করা, লেখা দেওয়া—এসব আইনত অপরাধ।’
আরও বলেন, ইতিমধ্যে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভক্ত, দর্শক ও পরিচিতজনদের উদ্দেশে মৌ সতর্ক করে বলেন, ‘ভুয়া অ্যাকাউন্টের বন্ধু হয়ে আপনারা প্রতারিত হবেন না। আবারও বলছি, আমার কোনো ফ্যান পেজ নেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই। যারা এসব করছে, সাবধান হোন। অন্যথায় আইনি ব্যবস্থায় যা হওয়ার তা–ই হবে।’

বিজ্ঞাপন
এর আগে নন্দিত অভিনেতা আলমগীরসহ অনেকের ফেক আইডির অস্তিত্ব পাওয়া গেছে সামাজিক মাধ্যমে। এবার তালিকায় নাম উঠল জনপ্রিয় এ মডেলের।

