বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

খালি হাতেই ১০১ তলা ভবনের চূড়ায় হনোল্ড, নেটফ্লিক্সে ঝড় তুলল লাইভ ভিডিও

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

শেয়ার করুন:

খালি হাতেই ১০১ তলা ভবনে চূড়ায় হনোল্ড, নেটফ্লিক্সে ঝড় তুলল লাইভ ভিডিও

ফের অসম্ভবকে সম্ভব করে দেখালেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনোল্ড। খালি হাতেই তাইওয়ানের রাজধানী তাইপের আকাশচুম্বী ভবন ‘তাইপে- ১০১’ সফলভাবে আরোহণ করেছেন তিনি। এ ঘটনা সরাসরি সম্প্রচার করে নেটফ্লিক্স। লাইভ ভিডিওটি এখন পর্যন্ত ৬.২ মিলিয়ন দর্শক দেখেছেন।

১০১ তলা বিশিষ্ট এই ভবনটির উচ্চতা ১ হাজার ৬৬৭ ফুট। বাঁশের কাণ্ডের আদলে ভবনটির মূল নকশা করা হয়েছে। এটি ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত ছিল। বর্তমানে বিশ্বের ১১তম উচ্চতম ভবন। 

SKYSCAPER

গত ২৪ জানুয়ারি এ উঁচু ভবনে আহরণের পরিকল্পনা থাকলেও বৃষ্টির কারণে তা একদিন পিছিয়ে ২৫ জানুয়ারি অভিযান শুরু করেন। প্রায় ১ ঘণ্টা ৩১ মিনিটে ভবনের চূড়ায় পৌঁছান অ্যালেক্স। শীর্ষে উঠে তিনি এক শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেন-‘সিক’। এই ভবনটির চুড়ায়ে পৌঁছাতে অ্যালেক্স যে সময় নিয়েছেন তা পূর্বে আরোহণকারী ব্যক্তির রেকর্ডের সময়ের থেকে অর্ধেকেরও কম। 

এর আগে ফরাসি পর্বতারোহী ‘স্পাইডারম্যান’ খ্যাত অ্যালাঁ রোবেয়ার্ট ‘তাইপে- ১০১’-এ উঠতে পেরেছিলেন। এ ভবনের চূড়ায় পৌঁছাতে তার সময় লেগেছিল প্রায় চার ঘণ্টা।

আরোহণের সময় অ্যালেক্সের স্ত্রী ভবনের চূড়ায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘বাতাস ও প্রচণ্ড গরম আমাকে বেশি উদ্‌বিগ্ন করছিল। তবে হনোল্ড পুরো সময় অটল ও মনোযোগী ছিলেন।’

এর আগে অ্যালেক্স হনোল্ড যুক্তরাষ্ট্রের ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের ৩,০০০ ফুট উঁচু এল ক্যাপিটান পাহাড় পাড়ি দিয়েছিলেন। সেবারও দড়ি ছাড়াই আরোহণ করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন। ওই অভিযানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘ফ্রি সলো’ অস্কার পুরস্কার জিতেছে।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর