দুই বাংলায় দাপুটে বিচরণ থেমে নেই জয়া আহসানের। একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে তার। বাণিজ্যিক বা ভিন্নধারা— দুই ঘরানায়ই ছোঁয়া পাচ্ছেন সফলতা নামের সোনার কাঠির। এবার মুক্তি পেল জয়ার মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘ওসিডি’র রহস্য ও ভয়ের মোড়ক বন্দি ট্রেলার।
আজ সোমবার প্রকাশ্যে এসেছে ট্রেলারটি। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার দিয়েছেন জয়া। এক মিনিট ৪৮ সেকেন্ডের সে ট্রেলারে উঠে এসেছে শিশুর ওপর যৌন নিপীড়ন, হত্যা।
বিজ্ঞাপন
আন্দাজ করা যায়, শৈশবে নিজের ওপর যৌন নিপীড়নকারীকে শায়েস্তা করতে খুঁজে বেড়াচ্ছে তার চরিত্র। বাগেও পায় তাকে। এর বাইরে বেশ কিছু রহস্য উস্কে দিয়েছে ট্রেলারটি। যেখানে এক পর্যায়ে জয়াকে বলতে শোনা যায়, যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ প্রাণপণে সরাব পৃথিবীর জঞ্জাল।
জানা গেছে, ‘ওসিডি’ সিনেমায় একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে জয়াকে। তার চরিত্রের নাম শ্বেতা। অতীত তাকে তাড়া করে বেড়ায়। সেই অতীত সম্পর্কে তার এক রোগী হঠাৎই জেনে যাওয়ার ফলে চরম সিদ্ধান্ত নেয় সে। ওই রোগীকে হত্যা করে। এভাবেই তার বিরুদ্ধাচরণ করা প্রতিটি মানুষকেই শেষ করে দিতে চাওয়ার মানসিকতা জন্ম নেয় শ্বেতার মধ্যে। যা এক সময় হয়ে ওঠে পরিচ্ছন্নতার নেশা থেকে নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট।
সিনেমাটি বানিয়েছেন সৌকর্য ঘোষাল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন, ফজলুর রহমান বাবু, কণিকা বন্দোপ্যাধ্যায় প্রমুখ।

