ইসলামের টানে বলিউড ত্যাগ করা অভিনেত্রী সানা খান বদলে ফেলেছেন নিজের জীবনধারাও। একসময় পর্দায় নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করলেও এখন ‘পরপুরুষের’ সঙ্গে ছবি তুলতেও নারাজ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
স্বামী মুফতি আনাসের সঙ্গে একটি একটি পডকাস্ট করেন সানা। চলতি বছর শুরু হয়েছে এর দ্বিতীয় মৌসুম। সেখানে উপস্থিত ছিলেন বিগ বস তারকা বসির আলী। তার সঙ্গে ছবি তুলতে রাজি হননি সানা।

পডকাস্ট শেষে ছিল ছবি তোলার পালা। স্বামী মুফতি আনাসের পাশে দাঁড়িয়েছিলেন সানা। অন্য পাশে বসির। এক পর্যায়ে ফটোগ্রাফার বসিরের সঙ্গে ছবি তুলতে বললে অস্বীকৃতি জানান সানা। “না, আমি এমন ছবি তুলি না।” সঙ্গে সঙ্গে বসির বলে ওঠেন, “আমাদের এমনই দূরত্ব থাকবে। আমরা তিনজন মিলেই একটা গ্রুপ।”
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটাগরিকরা কেউ করছেন কটাক্ষ। কারও কথায়, “পরপুরুষের সঙ্গে ছবি তোলা মানা। কিন্তু একটা সময়ে ‘হেট স্টোরি ৩’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন। মনে পড়ে গেল সব।”

অন্যদিকে সানার এমন সিদ্ধান্তকে স্বাগত জানানো লোকের সংখ্যাও কম না। তাদের কথায়, “আপনাকে দেখে গর্ব হচ্ছে, সানা। আপনি ধর্মকে সম্মান করেছেন।”
২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সানার। এরপর নিয়মিত অভিনয় করছিলেন তিনি। একে একে ১৪টি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে দেখা গেছে তাকে। ২০২০ সালে এই অভিনেত্রী মুফতি আনাসকে বিয়ে করেন। এরপর নিজেকে বলিউড থেকে গুটিয়ে নেন তিনি। কারণ হিসেবে সেসময় জানান, বাকি জীবন ইসলামের পথে চলতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

