বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ বেলা সাড়ে ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।
অভিনেতার মৃত্যুতে শোকের ছাঁয়া নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। জনপ্রিয় অভিনেতার মৃত্যু ছুঁয়ে গেছে শাকিব খানকে। সোশ্যাল মিডিয়ায় এক শোকবার্তায় তিনি লিখেছেন, ‘চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তাঁর প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও।’
বিজ্ঞাপন
শাকিব আরও লিখেছেন, ‘তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান। যা তাঁকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তাঁর সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।‘
সংবাদমাধ্যমকে জাভেদের স্ত্রী ডলি চৌধুরী বলেন, ‘আজ সকালে উনার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। এমনিতে তো তাকে হাসপাতালে রেখে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। একটা সময় বাসায় রেখে তার চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হয়। হাসপাতাল থেকে চিকিৎসক ও দুজন নার্স এসে বেশ কিছুদিন ধরে তার চিকিৎসাসেবা দিচ্ছিলেন। আজ সকালে দুজন নার্স এসে জানান, তার সারা শরীর ঠান্ডা। এরপর অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে দীর্ঘদিন ধরে তার চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
জাভেদের আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনা দিয়ে ক্যারিয়ারের খাতা খুলেছিলেন। পরে নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে।
১৯৬৮ সালে জাভেদ অভিনীত প্রথম উর্দু সিনেমা ‘পায়েল’ সিনেমা মুক্তি পায়। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক তার। পরিচালক মুস্তাফিজ তার নাম দেন জাভেদ।
জাভেদ অভিনীত সিনেমাগুলোর মধ্যে মালেকা বানু,নিশান,পাপী শত্রু,নিশান,রক্ত শপথ,সাহেব বিবি গোলাম,কাজল রেখা, অনেক দিন আগে,আজও ভুলিনি,কঠোর,মা বাবা সন্তান,রাখাল রাজা,রসের বাইদানী,জীবন সঙ্গী,আবদুল্লাহ উল্লেখযোগ্য।
ইএইচ/

