সৈয়দ নাফিস একাধারে কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক। এরইমধ্যে নিজেকে প্রমাণ করেছেন। বর্তমানে পথ চলছেন ব্যস্ততার রেলগাড়িতে। ঢাকা মেইলকে সে ফিরিস্তি দিয়েছেন নাফিস।
নাটক-সিনেমা মিলিয়ে একগুচ্ছ কাজ হাতে নাফিসের। তিনি বলেন, ‘সম্প্রতি বেশ ভালো কিছু কাজ হয়েছে। সাগর দেওয়ানের একটি গান করেছি। নাটকের জন্য। জিয়াউল হক পলাশের একটি টিভিসির মিউজিক করেছি।’
নাফিসের ব্যস্ততা শুধু মাইক্রোফোন কেন্দ্রিক নয়, ক্যামেরা কেন্দ্রিকও। এরইমধ্যে বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন। তিনি বলেন, ‘প্রাণ সসের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছি। এছাড়াও বেশকিছু নাটকের গানের কাজ হাতে রয়েছে।’
এদিকে কিছুদিন হলো মুক্তি পেয়েছে জাহিদ প্রীতমের ওয়েব ফিল্ম ‘থার্সডে নাইট’। এতে অভিনয় করেছেন সামিরা খান মাহি, তানজিয়া মিথিলা প্রমুখ। এতে নাফিসের কথা সুর ও সংগীতে ‘দিশেহারা প্রেমিক’ নামে একটি গান রয়েছে।
এদিকে সংগীতে ভাষার গণ্ডিও ছাড়িয়েছেন নাফিস। গান করেছেন উর্দুতে। ঋতু রাজের জন্য দুটি উর্দু গজল বানিয়েছেন তিনি। সব মিলিয়ে মাইক্রোফোন ও ক্যামেরার সামনে ব্যস্ত সময় চলছে নাফিসের।




