গতকাল রোববার নিজেদের মাঠে নতুন ইতিহাস গড়ল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতল হারমানপ্রীত কৌরের দল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা। অভিনেতা অজয় দেবগন সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, ‘একটি রাত যা আমরা কখনও ভুলব না। ধন্যবাদ, চ্যাম্পিয়নদের। এই দলটি বিশ্বকে দেখিয়েছে যে সত্যিকারের সাহস এবং বিশ্বাস কী করতে পারে।’

মেগাস্টার অমিতাভ বচ্চন লিখেছেন, ‘আমাদের ক্রিকেট দলকে অভিনন্দন এবং ধন্যবাদ। তোমরা আমাদের সকলকে গর্বিত করেছ যা ভাষায় প্রকাশ করা যাবে না।’ হৃতিক রোশন লিখেছেন, ‘ঐতিহাসিক জয়। আমাদের প্রথম নারী ক্রিকেট বিশ্বকাপ জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন।’ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘আমি বড় হয়েছি ছেলেদের ক্রিকেট দেখে। কিন্তু আজ আমাদের সবার চোখ শুধু তোমাদের ওপর ছিল। দেশকে জিতিয়ে ইতিহাস গড়েছ। তোমাদের গর্ব হচ্ছে।’
অভিষেক বচ্চন লিখেছেন, ‘এসো, ভারত, বিশ্ব চ্যাম্পিয়নরা। অনেক ভালো কাজ করেছ তোমরা।’ অভিনেতা অনিল কাপুর নারী খেলোয়াড়দের প্রশংসা করে লিখেছেন, ‘স্বপ্ন থেকে আধিপত্য বিস্তার, আমাদের নারীরা বিশ্বকে দখল করেছে।’
অভিনেতা রীতেশ দেশমুখ লিখেছেন, ‘আমাদের মেয়েরা পুরুষদের থেকে কোনো অংশে কম নয়। ইতিহাস মাথা নত করেছে। নারীরা জেগে উঠেছে। এটি ভারতের গর্ব। এই মুহূর্তটি ইতিহাসে খোদাই করা থাকবে। এই জয় প্রজন্মের পর প্রজন্মের তরুণীদের ভারতের হয়ে খেলতে অনুপ্রাণিত করবে! টিম ইন্ডিয়ার দুর্দান্ত জয়।’

মালায়ালম সুপারস্টার মামুট্টি ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমাদের নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানায়! তোমরা ইতিহাস তৈরি করেছ এবং পুরো জাতিকে গর্বে ভরে তুলেছ। এই জয় কেবল জয়ের চেয়েও বেশি কিছু। চ্যাম্পিয়নস দল তোমাদের জন্য আমরা গর্বিত।’
গীতিকার ও লেখক জাভেদ আখতার লিখেছেন, ‘আমাদের ক্রিকেট দলকে অভিনন্দন এবং ধন্যবাদ। তোমরা আমাদের সকলকে গর্বিত করেছ যা ভাষায় প্রকাশ করার মতো নয়।’
বরুণ ধাওয়ান, করিনা কাপুর, সামান্থা রুথ প্রভু, কার্তিক আরিয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, অনুষ্কা শর্মা, কাজলসহ শোবিজ তারকারা শুভেচ্ছা জানিয়েছেন।
ইএইচ/




