ভারতের অন্য উৎসবগুলোর মতোই বিশেষ দিনে পরিণত হয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। প্রতি বছর এই দিনে (২ নভেম্বর) ভক্তরা মেতে ওঠেন শাহরুখ উৎসবে। প্রিয় তারকার দর্শন পেতে ভিড় করেন তার বাসভবন মান্নাতের সামনে।
শাহরুখও কম যান না। মান্নাতের বারান্দায় দাঁড়িয়ে উড়ন্ত চুমুতে সিক্ত করেন ভক্তদের। নিজের সিগনেচার স্টাইলে মন ভরান তাদের। তবে এবার মান্নাতে শাহরুখের দেখা পাওয়া নিয়ে চিন্তায় ভক্তরা।
কেননা কয়েক মাস হলো কিং খান নিজেই মান্নাত ছেড়েছেন। মেরামতের কাজ চলছে বাড়িতে। তাই ভক্তদের মনে প্রশ্ন, কোথায় পাব তারে? তবে শোনা যাচ্ছে, মেরামতির কাজ চললেও মান্নাতের বারান্দা থেকেই ভক্তদের দেখা দেবেন শাহরুখ। ভক্তদের কথা ভেবে আজকের জন্যই সেখানে দেখা যাবে তাকে।
অন্যদিকে শোনা যাচ্ছে, এদিন বান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমন্দিরেও নাকি ভক্তদের দর্শন দেবেন তিনি। সেই জমকালো আয়োজন করেছে মুম্বাইয়ে শাহরুখের ফ্যানক্লাব। এরইমধ্যে দিল্লি, কলকাতা, দুবাই, দক্ষিণ ভারত ছাড়াও ভারতের বাইরে থেকে বহু ভক্ত ভিড় জমিয়েছেন মুম্বাইয়ে।




