ইচ্ছা ছিল বিয়ের পর স্ত্রীসহ ওমরায় যাবেন সুরকার–সংগীত পরিচালক ও গায়ক জাহিদ নিরব। সেটিই করলেন। বিয়ে করে নববধূকে নিয়ে উড়াল দেন মক্কায়। গতকাল ২৭ অক্টোবর সেখান থেকেই সামাজিক মাধ্যমে জানান বিয়ের খবর।
নিজের ফেসবুকে তরুণ এ সংগীত পরিচালক জানান চলার পথে তিনি হাত ধরেছেন সূচনা তাসনীমের। মুহূর্তেই মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করেন গায়ককে।
বিজ্ঞাপন

অনেকে জানতে চাইছিলেন কনে সূচনা তাসনীম সম্পর্কে। জানা গেছে, তিনি রূপচর্চাবিষয়ক একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। নিরবের সঙ্গে প্রায় একযুগের চেনা জানা তার।
সংবাদমাধ্যমকে নিরব বলেন, ‘আমাদের দুজনের বন্ধুত্বের সম্পর্কটা ১১ বছরের। সে আমার খুবই ভালো একজন বন্ধু। আইন বিষয়ে পড়াশোনা করেছে। আমার পথচলায় সব সময় একটা সাপোর্ট সিস্টেম হিসেবে পাশে ছিল। কয়েক মাস ধরে আমি তাকে পরবর্তী জীবনের পথচলায় সঙ্গী হিসেবে চাইছিলাম। প্রেমের প্রস্তাব দিই। একটা সময় সে আমার প্রস্তাবে সাড়া দেয়। ৩৮ দিনের প্রেম শেষে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’

বিজ্ঞাপন
আরও বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল, বিয়ের পর স্ত্রীসহ ওমরাহ পালন করতে আসব। ভিসা হওয়ার পরদিনই আমাদের নিকেতনের বাসায় দুই পরিবারের কাছের কয়েকজন মিলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নিই। পরদিন মক্কার উদ্দেশে ঢাকা ছাড়ি। এমন একজন বন্ধুকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে খুব ভালো লাগছে। সবার কাছে আমাদের আগামী জীবনের জন্য দোয়া চাই।’
গেল ২৩ অক্টোবর নিরবের নিকেতনের বাসায় দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। একেবারেই ঘরোয়া আয়োজন ছিল। নিরব জানান, তাঁদের বিয়েতে উকিল বাবা হিসেবে ছিলেন অভিনেতা জিয়াউল হক পলাশ।

