রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ঢাকা

‘ঝাকড়া চুলের এক ছেলে আসে আমার কাছে, জানায় তার নাম আইয়ুব বাচ্চু’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

‘ঝাকড়া চুলের এক ছেলে আসে আমার কাছে, জানায় তার নাম আইয়ুব বাচ্চু’

একদিন চট্টগ্রামের এক তরুণ ঘর ছেড়েছিলেন গানকে ভালোবেসে। ৬০০ টাকা হাতে এসেছিলেন যাদুর শহর ঢাকায়। এরপর তিন যুগেরও বেশি সময় গিটার ও সুরে রাজধানীতে রাজত্ব শেষে ফিরে যান বন্দরনগরীতে। সেদিন আর খালি হাতে ফিরতে হয়নি। দুহাত তার ভর্তি ছিল ভালোবাসায়। বলছিলাম কিংবদন্তি ব্যান্ডগায়ক আইয়ুব বাচ্চুর কথা। আজ ১৮ অক্টোবর তার চলে যাওয়ার দিন। ২০১৮ সালের এই দিনে মারা যান তিনি। 

দিনটি আজও পোড়ায় কিংবদন্তি গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গীকে। বছরের বড় একটি সময় যুক্তরাষ্ট্রে কাটালেও বাচ্চুর চলে যাওয়ার দিন তিনি ছুটে আসেন বাংলাদেশে। সংগীতাঙ্গনে আইয়ুব বাচ্চু যাদের স্নেহভাজন ছিলেন তাদের মধ্যে অন্যতম বরেণ্য এই গীতিকার। 

‘আজ যে শিশু’, ‘হৃদয় কাদামাটির কোনো মূর্তি নয়’সহ অসংখ্য জনপ্রিয় গানের রচিয়তা বরেণ্য এ গীতিকবির গান দিয়ে গায়ক আইয়ুব বাচ্চুর যাত্রা শুরু। ঢাকা মেইলকে সে গল্প শোনালেন তিনি। তরুণ বয়সে জঙ্গী আড্ডা দিতেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে। সেসময় সৈকতচারী নামের একটি সংগঠন ছিল ৷ স্বাধীনতা পরবর্তীকালে মৌলিক গান নিয়ে প্রথম দলগতভাবে কাজ শুরু করে সংঠনটি। 

87387847_3723240851049468_8725647754598023168_n

সৈকতচারীর সদস্যদের সঙ্গে শিল্পকলায় আড্ডা হতো জঙ্গীর। সেখানে তার সঙ্গে প্রথম দেখা হয় এবির। তার কথায়, ‘চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আড্ডা দেওয়ার সময় একদিন সম্ভবত কুমার বিশ্বজিতের সঙ্গে ঝাকড়া চুলের সুস্বাস্থ্যের অধিকারী এক ছেলে আসে আমার কাছে। জানায় তার নাম আইয়ুব বাচ্চু। পড়ালেখার পাশাপাশি গান করে।’

শহীদ মাহমুদ জঙ্গীর কাছে বাচ্চুর আবদার ছিল, একটি গান লিখে দিতে হবে। তিনি বলেন, ‘সে আমার কাছে একটি গান চেয়ে আবদার করল। সে-ই সুর বসাবে। বাচ্চু এমনভাবে আবদার করত যা ছিল হৃদয়স্পর্শ করার মতো। কোনো মানবিক হৃদয়ের মানুষের পক্ষে ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না।’

কিন্তু গান কীভাবে লিখবেন জঙ্গী? আশেপাশে তখন কাগজ কলমও ছিল না। তার কথায়, ‘‘মুহুর্তের মধ্যেই কোথা থেকে যেন বাচ্চু কাগজ কলম জোগাড় করে এনে দিল। আমি লিখলাম, ‘হারানো বিকেলের গল্প বলি, সাগর তীর ধরে এগিয়ে চলি, কাশবন পিছনে ফেলে।’’

87306439_3723240777716142_5969551731627917312_n

শহীদ মাহমুদ জঙ্গীর লেখা এই গানটি আইয়ুব বাচ্চুর প্রথম মৌলিক গান। এ নিয়ে তিনি বলেন, ‘এই গানটি বাচ্চুর ক্যারিয়ারের প্রথম গান। তবে আমি বিষয়টি জানতাম না। একদিন এক বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে দেখলাম বাচ্চু বলছে হারানো বিকেলের গল্প বলি গানটি ওর প্রথম মৌলিক গান।’ 

ক্যারিয়ারের শুরুর দিকে সোলস ব্যান্ডে ছিলেন আইয়ুব বাচ্চু। পরে ব্যান্ডটি ত্যাগ করে গড়ে তোলেন এলআরবি। এই ব্যান্ডের প্রথম ‘গান ঘুম ভাঙা শহরে’ গানটিও শহীদ মাহমুদ জঙ্গীর লেখা। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর