ভারতীয় সিনেমার অন্যতম সেরা মেগাস্টার অমিতাভ বচ্চনের আজ (শনিবার) জন্মদিন। ১৯৪২ সালের ১১ অক্টোবর ব্রিটিশ ভারতের এলাহাবাদে জন্মগ্রহণ করেন তিনি। সেই হিসেবে ৮৩ পেরিয়ে ৮৪ বছরে পা দিলেন বিগ-বি।
বলিউড মেগাস্টারের জন্মদিনে এরইমধ্যে তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বহু তারকা। এক্স হ্যান্ডেলে সক্রিয় অমিতাভ বচ্চন সেসব শুভেচ্ছাবার্তার জবাব দিতেও ভোলেন না। এবারও তার ব্যতিক্রম হয়নি।
বিজ্ঞাপন
প্রতিটি জন্মদিনই পরিবারের সঙ্গে উদযাপন করেন অমিতাভ বচ্চন। তবে ২০২৩ সালে জীবনের বিশেষ এই দিনে ভরা মজলিশে অঝোরে কাঁদতে হয়েছিল তাকে। কিন্তু কেন? জবাবটা হলো, আবেগে কেঁদে ফেলেছিলেন এই মেগাস্টার।
মূল ঘটনা হলো, ওই বছর নিজের সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শো-এর সেটে উদযাপিত হয়েছিল অমিতাভ বচ্চনের জন্মদিন। এ উপলক্ষে সেটে ছিল নানা আয়োজন এবং ব্যাপক উন্মাদনা। সেসব দেখেই আবেগতাড়িত হয়ে ঝরঝরিয়ে কেঁদে ফেলেন অভিনেতা।
সে সময়ের একটি ভিডিওতে চোখের পানি মুছতে মুছতে অমিতাভ বচ্চনকে বলতে শোনা যায়, ‘আর কত কাঁদাবেন আপনারা? আমি লোকজনকে টিস্যু দেই, আজ আমারই অবস্থা খারাপ।’ এরপর সবাইকে ধন্যবাদ জানান জন্মদিনের জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য।
বিজ্ঞাপন
সত্তরের দশকের শুরুর দিকে হিন্দি সিনেমার দুনিয়া বলিউডের একজন ‘রাগী যুবক’ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন অমিতাভ বচ্চন। পাঁচ দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে উল্লেখযোগ্য সংখ্যক হিট, সুপারহিট এবং ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি উপস্থাপক হিসেবেও বেশ নাম কামিয়েছেন বিগ-বি। উপস্থাপনা করেছে ‘বিগ বস’, বর্তমানে যেটি আরেক মেগাস্টার সালমান খান উপস্থাপনা করেন। অনেক বছর ধরে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ উপস্থাপনা করছেন অমিতাভ।
এর পাশাপাশি ১৯৮৪ সালে রাজনীতিতেও নাম লিখিয়েছিলেন বলিউডের এই মেগাস্টার। তিনি জন্মস্থান এলাহাবাদ লোকসভা আসনের জন্য উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুনার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ান এবং সাধারণ নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোটপার্থক্যে জয়লাভও করেন।
তবে বিগ-বি’র রাজনৈতিক কর্মজীবন ছিল সংক্ষিপ্ত ছিল। লোকসভায় জেতার তিন বছর পরে তিনি পদত্যাগ করেন এবং রাজনীতিকে ‘নর্দমা’ আখ্যা দেন। ‘বোফর্স কেলেঙ্কারি’তে নিজের নাম জড়ানোই ওই পদত্যাগের কারণ ছিল বলে গুঞ্জন।
এএইচ



