সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

‘চব্বিশে নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ পিএম

শেয়ার করুন:

‘চব্বিশে নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল আওয়ামী লীগ সরকার’
মোস্তফা সরয়ার ফারুকী

গত বছরের জুলাই মাসে সংঘটিত গণহত্যা এবং পরবর্তী রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে কঠোর ভাষায় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছেন অন্তবর্তীকালীন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে দীর্ঘ এক পোস্টে তিনি ক্ষমতাচ্যুত সরকারকে সমালোচনা করেন। 

একাত্তরের গণহত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কল্পনা করেন, বাহাত্তর সালে বসে মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত ব‍্যক্তিরা শুধু অপরাধ অস্বীকারই করছে না। বরং মানুষ হত‍্যাকে সেলিব্রেট করছে এবং বলছে আরও মানুষ মারবে সুযোগ পেলে। কল্পনা করেন, বছরের পর বছর ধরে নানা রকম নির্যাতনের মধ্য দিয়ে হাজার মানুষের জীবন কেড়ে নেয়া হিটলার পতনের পরের বছর তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখছে কেউ।’ 

এরপর উপদেষ্টা যোগ করেন, ‘এইটা কল্পনা করতে গেলেই বুঝতে পারবেন আজকের আওয়ামী লীগের রাজনীতি কোথায় নেমেছে বা আদৌ তাদের রাজনীতি বলে কিছু আছে কিনা। জুলাই গণহত্যার পর খুনী হাসিনা আর তার ভ্রান্তবাদী গ‍্যাং-এর কাজ কর্ম দেখলেই বুঝবেন, কেন আওয়ামী লীগ দল হিসেবে একটা অপরাধী সংগঠনে পরিণত হয়ে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আর আইসিটিতে জমা পড়া হাসিনার ফোন কলগুলা শুনলে বুঝবেন কার অনুপ্রেরণায় একটা গোটা দল অপরাধী গোষ্টিতে পরিণত হলো।’   

farooki

ফারুকী আরও বলেন, ‘যদিও একাত্তর আর চব্বিশের পার্থক্য আছে। ৭১-সালে অনেক বড় হত‍্যাযজ্ঞ হয়েছিল। কিন্তু সেটা ছিল ঘোষিত যুদ্ধ এবং অন‍্য দেশ থেকে স্বাধীনতা অর্জনের লড়াই। আর চব্বিশে নিজ দেশের নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ সরকার। যুদ্ধ পরিস্থিতি ছাড়া মাত্র এক মাসে নিজ দেশের এতগুলো মানুষ হত্যা করার নজির গোটা বিশ্বে বিরল। কথাটা খেয়াল করিয়ে দেয়া এই জন‍্য যাতে আমাদের আরেকবার মনে পড়ে কি মনস্টার (দানব বা বিশাল আকৃতির প্রাণী) আমরা ফেস করেছি।’ 

তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে আমরা অনেক চ্যালেঞ্জ-এর ভেতর দিয়ে যাচ্ছি, যাব। ষোলো বছরের দীর্ঘ দুঃশাসনের পর এতো বড় অভ‍্যুত্থান হলে এরকম পরিস্থিতি অনুমিতই ছিল। সবাই মিলে আমরা ধীরে ধীরে এই তুফান পাড়িও দেব নানা দ্বিমত নিয়েও। এবারের জাতিসংঘে সবাই মিলে অংশগ্রহণ সেটারই একটা ইশারা।’ 

সবশেষে উপদেষ্টা ফারুকী লিখেছেন, ‘আমাদের পূর্বপুরুষেরা অসীম ত‍্যাগের মধ্য দিয়ে দেশটা স্বাধীন করেছেন। সেই দেশটা একই আবেগ নিয়ে আগলে রাখবে আজকের আবরার ফাহাদেরা।’ 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর