বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

নবীন নির্মাতা, তরুণ শিল্পীদের সিনেমা ‘লিটল মিস ক্যাওস’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

নবীন নির্মাতা, তরুণ শিল্পীদের সিনেমা ’লিটল মিস ক্যাওস’

ফুড আর ফ্যাশনের মুখোমুখি অবস্থানের কথা শোনা যায় না বরং এ দুটি বিষয়ের মিল পাওয়া যায় অনেক। ফুড বা খাবার অনেকভাবেই এসেছে ফ্যাশন বা সাজ–পোশাকে, আবার ফ্যাশন সচেতনরা যা কিছু মেনে চলেন, তার মধ্যে খাবার অন্যতম। ফুড আর ফ্যাশনের এমন সব সহাবস্থানের পরও ওটিটি প্ল্যাটফর্ম চরকি জানাচ্ছিল খুব তাড়াতাড়ি নাকি এ দুইয়ের মধ্যে ক্যাওস বা ঝামেলা তৈরি হবে। ১৬ সেপ্টেম্বর থেকে এ ধরনের ইঙ্গিত দিয়ে আসছিল প্ল্যাটফর্মটি।

২৪ সেপ্টেম্বর জানা গেল এর কারণ। চরকি অরিজিনাল ফিল্মের ঘোষণা দিতেই এতসব আয়োজন। ফিল্মটির নাম ‘লিটল মিস ক্যাওস’ । এর গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে ফুড আর ফ্যাশন। নির্মাণ করেছেন মাহমুদা সুলতানা রীমা। তরুণ ও নবীন এ নির্মাতার এটিই প্রথম ওয়েব ফিল্ম। বিশ্ববিদ্যালয় জীবনের দুষ্টু–মিষ্টি সময়কে একটু অন্যরকমভাবে পর্দায় আনার চেষ্টা করেছেন তিনি। ওয়েব ফিল্মটির মুক্তির তারিখ জানানো হবে শিগগিরই।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ইরা–কে কেন্দ্র করে ফিল্মটির কাহিনি। খুবই ফ্যাশনেবল এই তরুণীর ঝামেলাপূর্ণ (ক্যাওটিক) জীবনের গল্প বলেই ফিল্মটির নাম ‘লিটল মিস ক্যাওস’। নির্মাতা ও গল্পকার মাহমুদা সুলতানা রীমা জানান, মেট্রোপলিটনের এই ক্যাওটিক জীবনে সবারই আছে অতীতের কিছু ট্রমা আর ব্যাগেজ। সেগুলো কাটিয়ে সামনে এগিয়ে যাওয়াই জীবনের অংশ। কিন্তু এই ক্যাওটিক জার্নিতে যদি পেয়ে যাওয়া যায় একটুখানি আশ্রয় আর ভরসার জায়গা, তাহলে কেমন হয়? সেই গল্পই দেখা যাবে ফিল্মটিতে। 

মাহমুদা সুলতানা রীমা বলেন, ‘এ গল্পে বন্ধুত্ব, প্রেম, হিউমার পাবেন দর্শকরা। প্রজন্মের মধ্যেকার সম্পর্ক ও তার টানাপোড়েনের প্রসঙ্গও এসেছে। এ সময়রে দর্শকরা যেভাবে ভাবতে ভালোবাসেন, সেই ঢংয়ে কাজটি করা হয়েছে। ‘‘লিটল মিস কেওস” একটি রোমান্টিক ড্রামেডি ঘরানার ফিল্ম।’ 

ইরা চরিত্রে অভিনয় করেছেন তরুণ–নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। ২৪ সেপ্টেম্বর চরকির ভেরিফায়েড পেজে প্রকাশিত পোস্টারে বেলুন হাতে উড়ে যাওয়ার মতো অবস্থায় পাওয়া গেছে তাকে। আর ইরাকে ধরে রেখেছেন মারুফ। এ চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী। পোস্টারে যেমন তাকে একটু শান্ত লাগছে, ফিল্মের চরিত্রেও এমন তিনি। এলোমেলা ইরাকে ধরে রাখার চেষ্টা করেন মারুফ। তরুণ নির্মাতা তার তরুণ অভিনয়শিল্পী এবং কুশলীদের দিয়ে কেমন কাজ করিয়েছেন সেটা দেখা যাবে পর্দাতেই। রীমা মনে করেন, একটা গল্পের যে সব বিষয় থেকে দর্শকরা বিনোদিত হয়, তার সবই আছে ‘লিটল মিস ক্যাওস’ ফিল্মে। 

নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান জানান, যেমন চরিত্রে তিনি অভিনয় করেছেন, বাস্তবে তার ঠিক উল্টো তিনি। এই চ্যালেঞ্জটা আছে জন্যই কাজটি করতে বেশি আগ্রহী হন সাদনিমা। অভিনেত্রী বলেন, ‘অডিশন, স্ক্রিপ্ট রিডিং যখন হয় তখনও বুঝতে পারছিলাম না কী হবে। তবে সব খুব দ্রুতই চলছিল এবং একসময় আমাকে চূড়ান্ত করা হলো। কাজটি করতে ভালো লাগল কারণ, আমরা যে দৃশ্যগুলো করছিলাম এবং যে সংলাপ বলছিলাম, সেগুলোতে আমরাই মজা পাচ্ছিলাম। আমার মনে হয় এই রিফ্লেকশনটা দর্শকরাও পাবেন।’

সময়ের উদীয়মান অভিনেতা সাদ সালমি নাওভী একমত তার সহশিল্পী সাদনিমার সঙ্গে। তিনি মনে করেন, গল্পে এমন অনেক কিছু আছে, যেগুলো সমসাময়ীক। এ সময়ের দর্শকরা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবে। নাওভি বলেন, ‘আমরা যখন স্ক্রিপ্ট পড়ি তখন থেকেই মজাগুলো টের পাচ্ছিলাম। এই সময়ে কথা বলার অনেক টার্মস ব্যবহার করা হয়েছে, তাই আমরাও খুব ভালোভাবে কানেক্ট করতে পারছিলাম। আমার মনে হয় দর্শকরাও খুব মজা নিয়ে ফিল্মটি দেখবেন। আর এখানে আমি আমার উল্টো জনরার চরিত্রে অভিনয় করেছি। গল্পের মতো আমি বাস্তবে এতটা শান্ত না।’

তরুণ নির্মাতা, অভিনয়শিল্পী, কুশলীদের নিয়ে কাজ করার বিশেষ কোনো উদ্দেশ্য কী আছে চরকির? জানতে চাইলে প্ল্যাটফর্মের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘চরকি সব রকম দর্শকদের জন্যই কনটেন্ট করে আসছে। ‘‘লিটল মিস কেওস” তরুণ ভাবনার গল্প, তরুণদের পাশাপাশি সবারই ভালো লাগবে। কনটেন্টের ধরন ছাড়াও তরুণদের নিয়ে কাজ করার গুরুত্বপূর্ণ কারণ হলো, তরুণরা না আসলে ইন্ড্রাস্টি বড় হবে না। চরকি প্রথম থেকেই এমন পরিবেশ তৈরিতে কাজ করছে।’

চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই আসবে ‘লিটল মিস ক্যাওস’ এর ট্রেলারসহ অন্যান্য প্রচারমূলক ভিডিও–ছবি। গুরুত্বপূর্ণ সব চরিত্রে আরও কারা অভিনয় করেছেন তাও জানানো হবে। একইসঙ্গে জানিয়ে দেওয়া হবে মুক্তির তারিখও।  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর