পৃথিবী সূর্যকে প্রদিক্ষণ করতেই কালের গর্ভে হারিয়ে গেল ২০২৪ সাল। ক্যালেন্ডারের পাতা দখল করে নিল ২০২৫। বিশ্ব মেতে উঠল নতুন বছরের প্রথম প্রহর উদযাপনে।নতুন উদ্যোমে ভালো কিছু করার প্রত্যয় নিয়ে বিভিন্ন আয়োজনে ইংরেজি নববর্ষ পালনে ষোলকলা পূর্ণ করেছে সবাই। এবার ছক কষার পালা। ঢাকা মেইলের সঙ্গে নতুন বছর নিয়ে পরিকল্পনা ভাগ করে নিয়েছেন ‘বিউটি উইথ ব্রেইন’ নুসরাত ফারিয়া।
তিনি বলেন, ‘২০২৫ এ জীবনটা গোছাতে চাই। পড়াশোনা ও ভালো কাজ করতে চাই। শরীরের প্রতি যত্নশীল হতে চাই। দিনশেষে সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ। ২০২৪ আমার জন্য খুব একটা ভালো যায়নি। নতুন বছর যেন ভালো যায় সেই প্রত্যাশা করছি। ২০২৫ আমার জন্য মাইলস্টোন ইয়ার। এ বছর সব ভালো ভালো জিনিস করতে হবে।’
বিজ্ঞাপন

এমন কোনো অভিজ্ঞতা কি হয়েছে যা থেকে প্রাপ্ত শিক্ষা নতুন বছর পথ চলতে কাজে লাগবে— জানতে চাইলে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বলেন, ‘২০২৪ সালে একটা জিনিস শিখেছি। সেটি হলো— জীবনে ভালো থাকতে অনেক মানুষ দরকার হয় না। বাবা মা এবং দুই একজন বন্ধুই যথেষ্ট। অর্থাৎ চার পাঁচ জন দিয়েও অনেক ভালো থাকা যায়। সহকারী, গাড়ি চালক যারা আমাদের জন্য কাজ করেন তারা, পরিবারের সদস্যরা এই কয়েকজন ব্যতীত খুব বেশি লোকের দরকার হয় না। এটা ব্যক্তিগত উপলব্ধি। কেননা আগে আমার অনেক বন্ধু ছিল। ২০২৪ সালে এসে আমি মানুষ কমিয়ে দিয়েছি। এটা বড় একটি শিক্ষা।’
কিছুটা রাখঢাক রেখে নতুন কাজের বার্তাও দিলেন অভিনেত্রী। তার কথায়, ‘জানুয়ারির ১২ তারিখ থেকে একটি সিনেমা শুরু করব। তবে সেটার ঘোষণা প্রযোজনা সংস্থা থেকে দেবে। আপাতত সে-ই প্রস্তুতি নিচ্ছি।’
_20250101_132403699.jpg)
বিজ্ঞাপন
এদিকে বেশ কিছু দিন হলো ফারিয়াকে বড়পর্দায় পাচ্ছেন না অনুরাগীরা। এ প্রসঙ্গে বলেন, ‘২০২৪ বাংলাদেশের জন্য বিপ্লবের বছর ছিল। সবাই নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। দুই-এক বছর সময় সংখ্যা মাত্র। ক্ষণিকের জন্য দেখা না গেলেও যারা আসলেই ভক্ত তারা ঠিকই থেকে যান। আর আমি মনে করি প্রতিবছর প্রতিনিয়ত পর্দায় আসার চেয়ে ভালো কাজ করাটাই বেশি জরুরী।’
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের। তবে মাঝে মাঝে তা মাত্রা ছাড়ায়। বিষয়টি নিয়ে এ তারকার ভাষ্য, ‘ছোটবেলা থেকে যখনই কাজ করতাম একটা জিনিস মেইনটেইন করতাম। আলোচনা সমালোচনা— যাই হোক তা যেন আমার কাজকেন্দ্রিক হয়। তবে শেষ দুই এক বছরে কিছু বদল এসেছে। মনে হয়েছে অপ্রয়োজনীয় সমালোচনা হয়েছে। কষ্ট লাগে তবে আমরা যেহেতু বলেছি আমরা মানুষের জন্য কাজ করি, পাবলিক ফিগার— আমাদের নিয়ে আগ্রহ থাকাটা স্বাভাবিক। এতটুকু ধৈর্য না থাকলে আমাদের প্রফেশনে কাজ করাটা কঠিন। মানসিকভাবে অনেক শক্ত হতে হয়।’

মুক্তির অপেক্ষায় আছে ফারিয়া অভিনীত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’। এতে তার বিপরীতে আছেন আরিফিন শুভ। স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত ছবিটির পরিচালক অনম বিশ্বাস।

