সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

জন্মদিনে মায়ের উদ্দেশে খোলা চিঠি পূজার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৪, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

জন্মদিনে মায়ের উদ্দেশে খোলা চিঠি পূজার

আজ ২০ আগস্ট চিত্রনায়িকা পূজা চেরীর জন্মদিন। ২০০০ সালের এই দিনে খুলনার গাজিরহাটে জন্মগ্রহণ করেন তিনি। শুভ দিনটিতে শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হয়েও মন ভালো নেই পূজার। কেননা এবারই প্রথম মাকে ছাড়া জন্মদিন পলন করতে হচ্ছে তার।

বিষয়টি যন্ত্রণা দিচ্ছে পূজাকে। প্রয়াত মায়ের উদ্দেশে সামাজিক মাধ্যমে একটি খোলা চিঠি লিখেছেন পূজা। আজ মঙ্গলবার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘মা, এই প্রথম তোমাকে ছাড়া আমার জন্মদিন এসে গেল। খুব করে মনে পড়ছে গত বছরের কথা।’


বিজ্ঞাপন


এরপর লিখেছেন, ‘তোমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, কিন্তু আমি মন খারাপ করে তোমার সাথে একটু উচ্চস্বরে বলে উঠলাম—‌সবার মা কিছু না কিছু করে, তুমি তো আমার জন্য পায়েশও বানাচ্ছ না।’

পূজা লেখেন, ‘তুমি সেই দুর্বল শরীর নিয়ে আমার জন্য পায়েশ বানিয়ে নিয়ে আসলে। যদিও পায়েশটা ভালোভাবে রান্না হয়নি। একটু চাল-চাল ছিল তারপরও বানিয়ে নিয়ে এসেছিলে তো, এটাই অনেক। কিন্তু মামুনি এইবারও যে সেই একই পায়েশ খেতে ইচ্ছে করছে তোমার নিজ হাতে বানানো।’
 
মাতৃ বিয়োগের যন্ত্রণা নিয়ে লিখেছেন, ‘উফ, কান্নায় চোখটা ভরে উঠছে। তুমি নেই ৬ মাস হলো। কতদিন তোমাকে দেখি না গো মামুনি। জানি না সৃষ্টিকর্তা আমাকে কতদিন বাঁচিয়ে রাখবে। তবে যতদিন এভাবে বেঁচে থাকব কীভাবে বুকে এই আটকে থাকা কষ্টকে দমিয়ে রাখব? তা তো সম্ভব না।’

পূজা আরও লেখেন, ‘তবে একটা কথা কি জানো? তুমি আজকে আমায় নতুন করে জন্ম দিলে। নতুন এক পূজা। যার কিনা একাই লড়াই করতে হবে। আমি জানি তুমি আমাকে দেখছ। তুমি সবসময় আমার পাশে আছ, তাইতো এখন পর্যন্ত কোনো কালোছায়া আমাকে ঘিরে রাখতে পারেনি। তুমি তোমার কথা ঠিক রাখছ। এইবার আমার পালা। দেখবে তোমাকে দেওয়া কথা আমি ঠিকই রাখব। তোমার অস্তিত্ব কারও কাছে না থাকলেও আমার কাছে সবসময় থাকবে। তুমি আছ, আমার পাশেই আছ। এই যে আমি এত কথা লিখছি, আমি তো অনুভব করছি তুমি আমার পাশেই আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ।’

সবশেষে নায়িকা লিখেছেন, ‘জন্মদিনে স্বার্থপরের মতো একটা কিছু চাইব মামুনি। এপারে তো নিজের রাখোনি, সবসময় আমার খেয়ালই করে গেছিলে। ওপারে অন্তত নিজের খেয়াল রেখ মামুনি। ভালো থেকো আমার লক্ষ্মী মামুনি। তোমার মেয়েটা আর কিছু লিখতে পারছে না চোখভর্তি জল চলে আসছে আর চোখটা ব্যথা করছে। অনেক ভালোবাসি।’


বিজ্ঞাপন


দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন পূজার মা ঝর্ণা রায়। গত ২৪ মার্চ প্রয়াত হন তিনি। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর