শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

নারীকেন্দ্রিক ছবিতে সিয়ামের অভিনয়ের সুযোগ কতটুকু

রেজওয়ান সিদ্দিকী অর্ণ
প্রকাশিত: ২০ মে ২০২২, ০৯:৩৯ পিএম

শেয়ার করুন:

নারীকেন্দ্রিক ছবিতে সিয়ামের অভিনয়ের সুযোগ কতটুকু
কোলাজ: ঢাকা মেইল
দেশের গণমাধ্যমের বড় আগ্রহের জায়গা সিয়াম। সমসাময়িক অন্য নায়কের তুলনায় তার অর্জন নিয়ে খবর একটু বেশি হয়। তাই যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ভ্যারাইটি যখন তার হিন্দি ভাষার সিনেমায় অভিনয়ের খবর প্রকাশ করল, তখন এখানকার গণমাধ্যমগুলো লুফে নিল। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ল। কোনো কোনো গণমাধ্যম জানিয়েছে, সিয়াম বলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন।

হিন্দি ভাষায় নির্মিতব্য অলকা রঘুরাম পরিচালিত ইন দ্য রিং সিনেমাটি মূলত বলিউডের কোনো সিনেমা নয়। বাণিজ্যিকভাবে প্রদর্শনের জন্যও নির্মিত হবে না এটি। এই ছবির অন্যতম প্রযোজক সৌভিক দাশগুপ্ত ঢাকা মেইলকে বলেন, ‘ইন দ্য রিং বলিউডের কোনো সিনেমা নয়। সেরকমটা আমরা দাবি করছি না। গণমাধ্যমগুলো ভুল খবর ছাপছে। হিন্দি ভাষার সিনেমা মানে বলিউড নয়। তাছাড়া এই ছবি বাণিজ্যিকভাবে প্রদর্শনের জন্য নির্মাণ করছি না। এটি একটি ফিচার ফিল্ম। বিশ্বের নামকরা চলচ্চিত্র উৎসবগুলোর কথা মাথায় রেখে এগোচ্ছি।’


বিজ্ঞাপন


কলকাতার খিদিরপুরের কিশোরী মুসলিম বক্সার শামাকে নিয়ে এই ছবির গল্প গড়ে উঠেছে। ছবির নাম-ভূমিকায় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী মিথিলা পালকার। সিয়ামের চরিত্রের নাম রোশান।

Alka
অলকা রঘুরাম ছবি: সংগৃহীত

সৌভিক বলেন, ‘ছবিতে সিয়ামের চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। নারীকেন্দ্রিক ছবি হলেও তার অভিনয়ের সুযোগ আছে। বক্সিং ফাইনালের আগে শামা তার মাসিকে (খালা) খুনের মামলায় জড়িয়ে পড়েন। কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় তাকে। খারাপ সময়টায় সবসময় তার পাশে থেকেছেন রোশান। মানসিকভাবে সাহস জুগিয়েছেন। পরে শামা মামলা থেকে রেহাই পেলেন কি না— সেটা সিনেমাতেই জানা যাবে।’

ভারতের এত অভিনেতা থাকতে সিয়াম কেন— জানতে চাইলে সৌভিক বলেন, ‘প্রথমে সিয়ামকে নেওয়ার কোনো পরিকল্পনা আমাদের ছিল না। তাকে আমরা চিনতাম না। তবে নাম শুনেছি। রোশান চরিত্রে অভিনেতা খোঁজার সময় সিয়ামের কিছু স্টিল ছবি দেখি। তখন তার মৃধা বনাম মৃধা সিনেমার কাজ চলছিল। ওই ছবির কিছু ক্লিপ দেখি। তারপর মনে হলো, আমাদের রোশান চরিত্রের সঙ্গে সিয়াম বেশ মানানসই হবেন। আমি তার ছবি আমার টিমকে পাঠিয়ে দেই। তারাও তাকে পছন্দ করেন।’


বিজ্ঞাপন


Javed
জাভেদ জাফরি ছবি: সংগৃহীত

এদিকে সিনেমার বিষয়ে ঢাকা মেইলের কথা হয় মিথিলা পালকারের সঙ্গে। তিনি বলেন, ‘ইন দ্য রিং সিনেমায় অভিনয় করার জন্য মুখিয়ে আছি। ওই কিশোরীর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে পারছি না, যিনি তার স্বপ্ন পূরণের লক্ষ্যে সংগ্রাম করেছেন। কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ঘোষণা দেওয়ায় আমি খুব উচ্ছ্বসিত। দারুণ কিছুর অপেক্ষায় আমরা সবাই।’

বলিউডের আরেক অভিনেতা জাভেদ জাফরিও আছেন এই সিনেমায়। তিনি বলেন, ‘যখন সিনেমাটির প্রথম ড্রাফট আমি পড়ি তখন চরিত্রটি এঁকে ফেলি নিজের ভেতর। এর গল্পটি অসাধরণ। চূড়ান্তভাবে যখন গল্পটি নিয়ে ক্রিয়েটিভ টিম ও প্রযোজকের সঙ্গে বসি তখন মনে হলো, চরিত্রটি আমি উপভোগ করব। এরকম একটি সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য তাদের কৃতজ্ঞতা জানাই।

Ricko
শ্রেয়সি সেনগুপ্ত ও রিক অ্যাম্ব্রোজ কোলাজ: ঢাকা মেইল

সিয়ামও অভিনয়ের সুযোগ পেয়ে উদ্বেলিত। তিনি বলেন, ‘সিনেমার গল্পটি ভালো লেগেছে। মনে হলো, অভিনয়ের সুযোগ আছে। পরিচালকসহ পুরো টিমের সঙ্গে কথা বলে ভালো লেগেছে। সবাইকে আমার মেধাবী মনে হয়েছে।’

ছবির প্রযোজক হিসেবে আরও আছেন শ্রেয়সি সেনগুপ্ত। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের রিক অ্যাম্ব্রোজ।

Rzaia
রাজিয়া শবনম ছবি: সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরে শুরু হবে সিনেমার শ্যুটিং। দৃশ্যধারণের পুরো কাজ হবে কলকাতায়। এতে ক্যামেরার পেছনে বলিউডের নাম করা কলা-কুশলীরা থাকবেন। ছবির সংগীতায়োজনে থাকবেন ধীমান কর্মকার। রইস, হ্যাপি নিউ ইয়ার ও লাভ আজকালসহ একাধিক জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন তিনি।

এতে কাস্টিং ডিরেক্টর হিসেবে যুক্ত আছেন রাজিয়া শবনম। তিনি প্রথম আন্তর্জাতিক ভারতীয় বক্সিং রেফারি। এ ছাড়া কোচের দায়িত্ব পালন করেছেন।

আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর