সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির শিকার হওয়াটা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। সম্প্রতি এমনটা ঘটেছে র্যাম্প মডেল ও উপস্থাপিকা বারিশা হকের সঙ্গে।
বেশ কিছুদিন ধরেই বারিশাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছিল। তিনি অভিযোগ করলে এ অপরাধে কবির হোসেন নামের এক তরুণকে গ্রেফতার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। রাজধানীর দক্ষিণখান থানায় অভিযুক্তর নামে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
বিজ্ঞাপন
আসামী গ্রেফতারের পর বিষয়টি নিয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন, সিটিসি, ডিএমপির ফেসবুক পেজ থেকে। সেখানে বলা হয়েছে,
কিছুদিন ধরে বেশকিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে মিমস, ট্রল এবং রোস্টের নামে অশ্লীলতা ছড়িয়ে আসছে। তারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিয়মিত হয়রানি করে থাকে। ‘বদমেজাজ’ নামক একটি পেজ থেকে এরকম পাবলিক নুইসেন্স সৃষ্টি করলে আক্রান্ত ভুক্তভোগী সিটি-সাইবার ক্রাইমের কাছে অভিযোগ করে। এসি ধ্রুব জ্যোতির্ময় গোপের নেতৃত্বে ইন্টারনেট রেফারেল টিম অভিযুক্ত মোঃ কবির হোসেন (১৮) কে শনাক্ত করেন এবং কুমিল্লার বড়ুড়া থানা থেকে আজ ১০/০৫/২০২২ দুপুর ১৩ টা ৪৫ ঘটিকায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অপরাধে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার দক্ষিণখান থানায় মামলা নং ১১ তারিখ ১০/০৫/২০২২ ধারা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮ (৪) ও ৮ (৭) ধারায় মামলা রুজু করা হয়।
সম্মানিত নেটিজেনদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে।
আসামী গ্রেফতারের পর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মডেল বারিশা।
বিজ্ঞাপন
আরআর




