সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ঢাকা

কালো কাপড়ে মুখ ঢেকে বেড়াচ্ছেন শাহরুখ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২২, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

কালো কাপড়ে মুখ ঢেকে বেড়াচ্ছেন শাহরুখ
শাহরুখ খান । ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান বেশ কিছুদিন ধরেই কাউকে মুখ দেখাচ্ছেন না। যেখানেই যাচ্ছেন গাড়ির কাচ কালো কাপড়ে মুড়িয়ে রাখছেন। রণবীর-আলিয়ার বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান, বাবা সিদ্দিকির ইফতার পার্টি— সর্বত্রই এভাবে উপস্থিত হয়েছেন তিনি।

এরমধ্যে করণ জোহর একটি পার্টি দিয়েছিলেন। কিং খানও গিয়েছিলেন সেই পার্টিতে। তবে নিয়মের ব্যত্যয় ঘটাননি। সেখানেও গাড়ির কাচ কালো কাপড়ে ঢেকে রেখেছিলেন তিনি। কিছুদিন আগে মুম্বাই বিমানবন্দরেও ছাতা দিয়ে মুখ লুকাতে দেখা গেছে তাঁকে। সেবার সঙ্গে স্ত্রী গৌরী খানও ছিলেন।

শাহরুখের এমন আচরণে পাপারাজ্জিরা ছবি তুলতে ব্যর্থ হচ্ছেন। তাই বলে তারা বসে নেই। শাহরুখের কালো কাপড়ে ঢাকা ছবিই তারা ক্যামেরাবন্দী করছেন। সবাইকে জানাচ্ছেন, কিং খান মুখ দেখাচ্ছেন না আজকাল।

অনেকে ভাবছেন, নতুন সিনেমার প্রচারণার জন্য এমন পদ্ধতি বেছে নিয়েছেন শাহরুখ। তবে এ বিষয়ে শাহরুখ এখনও মুখ খোলেননি। ভারতীয় সংবাদমাধ্যম অবশ্য অন্য কথা লিখেছে। তারা জানিয়েছে, ব্যক্তিগত মুহূর্তটা তিনি কারও সঙ্গে শেয়ার করতে চান না। তাই নিজেকে এভাবে আড়াল করে রাখছেন।

Shahrukh Khan

কিন্তু নিন্দুকের কী এসব কথায় কান দেওয়ার সময় আছে? রীতিমতো ট্রল শুরু করেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতো করে শাহরুখের লুকোচুরির কারণ ব্যাখ্যা করছেন। একজন লিখেছেন, ‘সিনেমা চলছে না বলেই তিনি এমনটা করছেন। বাজার খারাপ গেলে তাকে নিয়ে মানুষের আগ্রহ জাগবে না। আগ্রহ তৈরির জন্যই এইসব মুখ ঢাকাঢাকি শুরু করেছেন তিনি।’

আরেক নিন্দুক পাপারাজ্জিদের উদ্দেশ্যে শাহরুখের ছবি না তোলার আহ্বান জানিয়েছেন। অন্যজন লিখেছেন, ‘মুখ দেখানোর অবস্থা থাকলে তো তিনি মুখ দেখাবেন।’

একজন তো কালো পর্দা ব্যবহারের জন্য শাহরুখের বিরুদ্ধে সমন জারির আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘গাড়ি কালো পর্দায় ঢাকার জন্য ওনাকে নোটিশ করা হোক।’

তবে এসব ট্রলের বিরুদ্ধে সরব হয়েছেন শাহরুখ অনুরাগীরা। পাশে দাঁড়িয়েছেন তাঁর। তারা বলেছেন, ‘তাকে তাঁর মতো থাকতে দিচ্ছেন না কেন? অযথা তাঁর পেছনে লাগবেন না। কিং খানকে নিয়ে এত গসিপ কেন আপনাদের? সেও তো মানুষ, তাই না?’

কিছুদিন আগে নতুন একটি লুক প্রকাশ হয়েছিল শাহরুখের। সে লুকে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি। লম্বা সাদা চুল, কাঁচা-পাকা দাড়িতে কিং খানের সে লুক দেখে স্বয়ং অমিতাভ বচ্চনও প্রশংসা করেছিলেন। তার মাস দুয়েকের ব্যবধানেই ট্রলের শিকার হচ্ছেন বলিউড বাদশাহ।

আরআর/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর